নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি সম্প্রতি এক বিক্ষোভমূলক ঘোষণা দেন। তিনি বলেন, যদি ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু নিউইয়র্কে আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে তাকে গ্রেপ্তার করা হবে।
এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সতর্কবার্তা দিয়েছেন মামদানিকে। ট্রাম্প বলেন, জোহরান মামদানি এখনো হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততে পারেন, কিন্তু শেষ সিদ্ধান্ত সবকিছু হোয়াইট হাউসের হাতে। যদি মামদানি হোয়াইট হাউস থেকে অর্থ সহায়তা চান, তাহলে তাকে শৃঙ্খলাবদ্ধ ও সম্মানজনক আচরণ করতে হবে।
মার্কিন সময় গত সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের আগে ট্রাম্প এ কথা বলেন। তিনি আরও বলেন, যদি মামদানি সতর্ক না হন, তাহলে বড় সমস্যায় পড়বেন। জোহরান মামদানির গ্রেপ্তারি হুমকি ছিল গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারের ওয়ারেন্টের প্রেক্ষিতে। এর পর থেকে রিপাবলিকানরা তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে।
এদিকে, ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি কোনোভাবেই চিন্তিত নন। নেতানিয়াহু বলেন, ‘এটা হাস্যকর এবং গুরুত্বহীন। পৃথিবীতে অনেক পাগলামি চলছে, এ তারই একটি অংশ মাত্র।’ নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সফরের ইঙ্গিতও দিয়েছেন।

