ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান সরকার জানিয়েছে, অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরো বাড়তে পারে। এই তথ্য মঙ্গলবার (৮ জুলাই) অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে প্রকাশিত হয়।
সোমবার (৭ জুলাই) ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানান, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে।
গত ১২ দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনা গুঁড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এই ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে, তবে সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো হিসাব প্রকাশ করেনি।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের তথ্যমতে, ইরান-ইসরায়েল যুদ্ধে মোট ১,১৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩৬ জন বেসামরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আরো ৪,৪৭৫ জন আহত হয়েছেন।

