ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় এক ভয়াবহ ভূমিধসের মুহূর্তে একটি কুকুরের অস্বাভাবিক আচরণে প্রাণে বেঁচে গেছেন ২০টি পরিবারের ৬৭ জন মানুষ। প্রবল বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে গ্রামটির অধিকাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেলেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে কুকুরটির কারণে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩০ জুন মধ্যরাতে মান্ডির ধরমপুর এলাকার সিয়াথি গ্রামে। রাত প্রায় ১টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে গ্রামের নরেন্দ্র নামের এক বাসিন্দার পোষা কুকুরটি। এরপর কান্নার মতো শব্দ করতে থাকে সে। এতে ঘুম ভেঙে গেলে নরেন্দ্র বুঝতে পারেন বাড়ির দেয়ালে বড় ফাটল ধরেছে এবং ঘরের ভেতর পানি ঢুকছে।
তাৎক্ষণিকভাবে কুকুরটিকে নিয়ে নিচে নেমে আসেন তিনি এবং আশপাশের মানুষকে সতর্ক করে তোলেন। নরেন্দ্র দ্রুত পুরো গ্রামে ছুটে গিয়ে অন্যদেরও জাগিয়ে দেন। ততক্ষণে সবাই কোনো কিছু না নিয়েই দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। তাদের নিরাপদে পৌঁছানোর কিছু সময় পরেই সিয়াথি গ্রামে ভয়াবহ ভূমিধস শুরু হয়। এতে এক ডজনের বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়ে, অক্ষত থাকে মাত্র চার-পাঁচটি।
বর্তমানে বেঁচে যাওয়া পরিবারগুলো আশ্রয় নিয়েছে পাশের ত্রিয়াম্বালা গ্রামের নৈনা দেবী মন্দিরে। তবে দুর্যোগজনিত এই অভিজ্ঞতা অনেক বাসিন্দার মধ্যে মানসিক চাপ ও উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি করেছে। পাশে দাঁড়িয়েছে আশপাশের গ্রামের মানুষ, আর সরকার ক্ষতিগ্রস্তদের জন্য মাথাপিছু ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে।
হিমাচল রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ২০ জুন বর্ষা শুরুর পর থেকে এখন পর্যন্ত রাজ্যে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫০ জন প্রাণ হারিয়েছেন ভূমিধস, আকস্মিক বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে। বাকিদের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
এছাড়া রাজ্যে ইতোমধ্যে ২৩টি আকস্মিক বন্যা, ১৯টি মেঘভাঙা বৃষ্টি ও ১৬টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় ১৫৬টি সহ মোট ২৮০টি রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার হিমাচলের ১০টি জেলায় নতুন করে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে।

