রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে ইউক্রেনের আত্মরক্ষায় সহায়তা করতে নতুন করে আরো প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের শুরুতে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। সূত্র: রয়টার্স
ট্রাম্প বলেন, ‘আমরা আরো কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। আমাদের সেটা করতেই হবে। ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতা থাকা উচিত।’ তিনি আরো বলেন, ‘তাদের এখন খুব কঠিনভাবে আঘাত করা হচ্ছে। তাই তাদের আত্মরক্ষার জন্য, বিশেষত প্রতিরক্ষামূলক অস্ত্র দরকার।’
পরবর্তীতে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, প্রেসিডেন্টের নির্দেশে ইউক্রেনে অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে এবং একই সঙ্গে যুদ্ধের কূটনৈতিক সমাধান বা একটি টেকসই শান্তির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সামরিক সরবরাহব্যবস্থা পর্যালোচনার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তবে ইউক্রেনের জন্য কী ধরনের অস্ত্র পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিয়েভে কিছু অস্ত্রের চালান সাময়িকভাবে স্থগিত করা হলে ইউক্রেন হুঁশিয়ারি দেয়, এতে রাশিয়ার আকাশ ও স্থল হামলা প্রতিহত করার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। এ সিদ্ধান্তের সমালোচনা করেন ট্রাম্পের নিজ দলের কিছু রিপাবলিকান সদস্য ও ডেমোক্র্যাটরা।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অত্যন্ত প্রয়োজনীয়। তবে সর্বশেষ বক্তব্যে তিনি সেই ক্ষেপণাস্ত্র নিয়ে আর কিছু উল্লেখ করেননি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যৌথ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাশিয়ার হামলা আরও তীব্র হয়ে ওঠায় দুই দেশ এ বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।
ইতিমধ্যে কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে এসেছে, যেগুলো রুশ বিমান হামলা থেকে শহরগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা। ইউক্রেনের এই চাহিদা মেটাতে জার্মানি পৃথকভাবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে।

