নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক বর্ষণের কারণে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগে ফ্রেন্ডশিপ ব্রিজ ভেসে গেছে এবং অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূটেকোশী নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে এবং পাহাড়ি ঢলের কারণে ১৮ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৬ জন চীনা শ্রমিক এবং ৩ জন নেপালি পুলিশ সদস্য রয়েছেন। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের তিব্বতে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।
নেপালের রাসুয়া জেলার প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পৌডেল জানিয়েছেন, নিখোঁজ চীনা শ্রমিকরা কাঠমাণ্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে নির্মাণাধীন ইনল্যান্ড কনটেইনার ডিপোতে কাজ করছিলেন, যা চীনের সহায়তায় নির্মিত হচ্ছে।
তিনি আরও জানান, কিছু কনটেইনার নদীতে ভেসে গেছে, যার মধ্যে রয়েছে ভবিষ্যতের ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য। এতে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বসনেত জানিয়েছেন, এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা গেছে, এবং উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ভূটেকোশী নদীর প্রলয়ংকরী বন্যায় অন্তত আটটি বৈদ্যুতিক গাড়ি ভেসে গেছে, পাশাপাশি একটি ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর প্রবাহ এতটাই প্রবল ছিল যে, অনেক এলাকা প্লাবিত হয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত কয়েক বছর ধরে চীন নেপালে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে, যেমন সড়ক, হাসপাতাল ও বিদ্যুৎ প্রকল্প। এই বন্যায় এসব প্রকল্পের কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, চীনে গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও হঠাৎ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটি এ সপ্তাহে একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানেও দুর্যোগ চলছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুন থেকে টানা বৃষ্টিপাত, ভূমিধস ও ধসে অন্তত ৭৯ জন মারা গেছেন, যার মধ্যে ৩৮ জন শিশু।

