যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের জানিয়েছেন, তিনি ফিলিস্তিনের সঙ্গে শান্তি চান, তবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে বিপজ্জনক বলে মনে করেন। তাঁর মতে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে তা ইসরায়েল ধ্বংসের একটি “প্ল্যাটফর্ম” হয়ে উঠবে।
হোয়াইট হাউসে সোমবারের ওই আলোচনায় নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিনিদের শাসনের অধিকার থাকতে পারে, তবে এমন কোনো অধিকার নয় যা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। সার্বভৌম নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ সবসময় আমাদের হাতেই থাকবে।”
তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলি ভূখণ্ডে হামলার প্রসঙ্গ টেনে বলেন, “এই হামলাই প্রমাণ করে দেয় ফিলিস্তিনিরা একটি রাষ্ট্র পেলে তারা কী করতে পারে। গাজায় হামাস রাষ্ট্র গড়ে তোলেনি বরং বাঙ্কার, সুড়ঙ্গ আর সন্ত্রাসের ঘাঁটি বানিয়েছে। তারা আমাদের জনগণকে গণহত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, শহর-গ্রামে নৃশংস হামলা চালিয়েছে- এ ধরনের নৃশংসতা আমরা শেষ দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।”
দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এখনো সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি জানি না।” এরপর তিনি এই প্রশ্নের উত্তর নেতানিয়াহুকে দিতে বলেন। তখন নেতানিয়াহু স্পষ্ট করে জানান, “স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনই হতে দেব না- এটাই আমাদের প্রতিজ্ঞা।”
নেতানিয়াহু বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, তবে তাদের সঙ্গে যারা আমাদের ধ্বংস করতে চায় না। যে শান্তি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে- আমরা সেই পথেই যাব।”
ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমকে ঘিরে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। তবে পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপন এবং গাজায় চলমান যুদ্ধের ফলে অনেকেই মনে করেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাই ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল।
তবে নেতানিয়াহু সরকারের দাবি, তাদের নিরাপত্তার প্রয়োজনেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা যা করছি তা আত্মরক্ষার জন্য, ধ্বংসের জন্য নয়।”

