রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার কারণে পুতিন “অনেক মানুষ হত্যা করছেন” বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (৯ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্প বলেন, “পুতিন সবসময় খুব ভদ্রভাবে কথা বলেন কিন্তু পরে দেখা যায়, কথাগুলোর কোনও মানে নেই। তিনি অনেক মানুষ হত্যা করছেন- নিজের সৈন্যদেরও, ইউক্রেনীয়দেরও।”
সিনেটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে একটি নতুন নিষেধাজ্ঞা বিল উত্থাপন প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।” তবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কি না- এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আমি এখনই বলে দিতে পারি না। একটু চমক থাক না?”
এরপর তিনি প্রসঙ্গ ঘুরিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা সম্পর্কেও ইঙ্গিত দেন।
মঙ্গলবার একই সময়ে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “ইউরোপ কখনও ইউক্রেনকে ছেড়ে দেবে না।” তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স একটি “জোট” গঠন করে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
ম্যাক্রোঁ আরো বলেন, “যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে টেকসই শান্তির পথ তৈরির জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব, কারণ ইউক্রেনে যা ঘটছে, তা সরাসরি আমাদের মূল্যবোধ ও নিরাপত্তার ওপর আঘাত।”
এর আগেই ট্রাম্প জানান, ইউক্রেনকে আরো অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, যেগুলোর বেশিরভাগই হবে “প্রতিরক্ষামূলক”। তবে মার্কিন গণমাধ্যম জানায়, অস্ত্র মজুদের ঘাটতির কারণে কিছু সরবরাহ সাময়িক স্থগিত রাখা হয়েছিল। পেন্টাগনের ভাষায়, তারা এখন একটি “সক্ষমতা পর্যালোচনা” চালাচ্ছে।
ট্রাম্প আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। কিন্তু এখন পর্যন্ত একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেও যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন।
গত মে মাসে তুরস্কে ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনায় একটি বন্দি বিনিময় চুক্তি হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো আলোচনার সম্ভাব্য তারিখের জন্য কিয়েভের প্রস্তাবের অপেক্ষায় আছে। তার ভাষায়, “তারিখ ঠিক হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।”
এদিকে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরো জোরালো হয়েছে। গত সোমবার রাশিয়া দাবি করে, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি দখল করেছে। সামরিকভাবে একাধিক ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মস্কো।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের দোদুল্যমান নীতির ফাঁকে রাশিয়া সামরিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করছে, যা ভবিষ্যৎ শান্তি আলোচনাকে আরো জটিল করে তুলতে পারে।

