চার দশক পর আবারো ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন। সম্প্রতি তেহরানে সরবরাহ করা হয়েছে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও এর সাপোর্টিং ব্যাটারি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সূত্র: মিডলইস্ট আই
প্রতিবেদনে জানানো হয়, ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে চলমান ১২ দিনের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইরান। তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনা ইসরায়েলের টার্গেটেড হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে। সংঘাতে নিহত হয় ১ হাজারের বেশি মানুষ। এসব ঘটনার পর নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উপলব্ধি করে দেশটি।
এক সৌদি গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ইসরায়েলের হামলা ইরানকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল। এই প্রেক্ষাপটে চীন থেকে নতুন করে অস্ত্র আমদানি করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চাইছে তেহরান।”
গোয়েন্দা প্রতিবেদনে চালানে কী পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি ছিল, তা স্পষ্ট না হলেও এটিই গত চার দশকে চীন থেকে ইরানে পাঠানো প্রথম সামরিক সরঞ্জামের চালান বলে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক ভূরাজনীতি ও চীন-ইরান সম্পর্ক
ইরান সাধারণত অস্ত্র আমদানির পরিবর্তে অভ্যন্তরীণভাবে সমরাস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে সক্ষম দেশ হিসেবে পরিচিত। মাঝে মাঝে রাশিয়া থেকে কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনলেও, চীনের সঙ্গে এমন অস্ত্রচুক্তি বিরল।
এর আগে ১৯৮০-র দশকের শেষ দিকে, ইরান-ইরাক যুদ্ধ চলাকালে চীন তেহরানকে এইচওয়াই-২ ‘সিল্কওয়ার্ম’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। তার পর থেকে চীন ও ইরানের মধ্যে কোনো সরাসরি সামরিক চালান প্রকাশ্যে আসেনি।
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে চীন আনুষ্ঠানিকভাবে ইরানকে সমর্থন না দিলেও- অস্ত্র সরবরাহের মাধ্যমে বেইজিং-তেহরান সম্পর্কের ঘনিষ্ঠতা আবারো স্পষ্ট হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অস্ত্রচালান মধ্যপ্রাচ্যে চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেও দেখা যেতে পারে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে চাপ বাড়াচ্ছে।
অর্থনৈতিক মিথস্ক্রিয়া এবং কৌশলগত লাভ
ইরানের ওপর আরোপিত মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অস্ত্রবাজার থেকে বিচ্ছিন্ন। তবে তেল বাণিজ্যের ক্ষেত্রে চীন হয়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় ক্রেতা, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক নির্ভরতা বাড়িয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতাতেই সামরিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

