ইয়েমেনে খুনের দায়ে দণ্ডিত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই। ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি সম্প্রতি তার মৃত্যুদণ্ড অনুমোদন করার পর এখন কার্যকরের প্রক্রিয়া এগোচ্ছে। ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা এই নারীর ঘটনা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তলাত আবদো মেহদিকে ঘুমের ইনজেকশনের ওভারডোজ দিয়ে হত্যা করার দায়ে নিমিশা প্রিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ক্লিনিকের পানির ট্যাঙ্কে মেহদির দেহ লুকানোর অভিযোগে তাকে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর থেকে তিনি মৃত্যুদণ্ড এড়াতে আপিল করছিলেন, কিন্তু ইয়েমেনের সুপ্রিম কোর্টেও তার আবেদন খারিজ হয়।
প্রিয়ার পরিবার ও আইনজীবীরা দাবি করছেন, তিনি দীর্ঘদিন ধরে মেহদির কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন এবং তার পাসপোর্ট জব্দ করে তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। এমনকি মেহদি তাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে।
নিমিশা প্রিয়া ২০১৫ সালে মেহদির সঙ্গে একটি ক্লিনিক চালু করেন, কারণ ইয়েমেনে বিদেশিদের স্থানীয় অংশীদার ছাড়া ব্যবসা শুরু করার নিয়ম নেই। প্রথমে সম্পর্ক পেশাগত থাকলেও তা দ্রুত তিক্ততায় পরিণত হয়। পরবর্তীতে মেহদি গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পান এবং অত্যাচার অব্যাহত রাখেন বলে অভিযোগ করেন প্রিয়া।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি আসেনি। তবে মানবাধিকার সংস্থাগুলো এবং প্রিয়ার পরিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।
এই ঘটনায় ভারতের কেরালাসহ বিভিন্ন অঞ্চলে সহানুভূতির ঢল নেমেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসি ঠেকাতে ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

