১৯৭৫ সালের ২৫ জুন, এক ঘোষণার মাধ্যমে ভারতের বৃহত্তম গণতন্ত্রে শুরু হয় এক অন্ধকার অধ্যায়- জারি হয় জরুরি অবস্থা। একটানা ২১ মাস ধরে দেশজুড়ে মৌলিক অধিকার স্থগিত, সংবাদপত্র রুদ্ধ, ভিন্নমতের কণ্ঠরোধ এবং বিচার বিভাগীয় আত্মসমর্পণের ভয়ানক বাস্তবতায় ভারতের সংবিধানিক মূল্যবোধ- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব- গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পঞ্চাশ বছর পরও এই অধ্যায় শুধু ইতিহাস নয় বরং একটি সময়োপযোগী সতর্কবার্তা।
জরুরি অবস্থার অভিজ্ঞতা থেকে ভারতীয় সমাজ ও রাজনীতি যেমন ব্যথিত, তেমনি একগুচ্ছ মৌলিক শিক্ষা পেয়েছে- যা আজও প্রাসঙ্গিক। স্বাধীনতা হরণ প্রাথমিকভাবে ঘটে খুব সূক্ষ্মভাবে, যেমন- জাতীয় নিরাপত্তা কিংবা স্থিতিশীলতার নামে সীমিত অধিকার হরণ। কিন্তু এই সীমাবদ্ধতা ধীরে ধীরে পরিণত হয় নির্বিচারে ক্ষমতা প্রয়োগ ও স্বৈরতন্ত্রে। সঞ্জয় গান্ধীর নেতৃত্বে নির্বীজন অভিযান কিংবা বস্তি উচ্ছেদের ভয়াবহতা সেই বাস্তবতার উদাহরণ।
সেই সময় ইন্দিরা গান্ধী “জাতীয় স্বার্থে শৃঙ্খলা“র নামে যে দমননীতি প্রয়োগ করেছিলেন, তা মূলত রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার প্রয়াস ছিল। এর জন্য সংবাদপত্রের স্বাধীনতা হরণ, হেবিয়াস কর্পাসের অধিকার বাতিল এবং ভিন্নমত পোষণকারীদের নির্বিচারে আটক করে রাখা হয়। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই দমননীতির পক্ষে নতি স্বীকার করে।
এই অধ্যায়ের শিক্ষা তিনটি স্তরে আজও প্রাসঙ্গিক:
- সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার গুরুত্ব: স্বাধীন গণমাধ্যম না থাকলে সরকারের দায়বদ্ধতা নিশ্চিত হয় না। তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করলে মানুষ ভুলে যায় কী প্রশ্ন করা উচিত।
- স্বাধীন ও দৃঢ় বিচার ব্যবস্থা: নির্বাহী বিভাগের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম ও ইচ্ছুক বিচার বিভাগ গণতন্ত্রের একটি স্তম্ভ। জরুরি অবস্থায় আদালতের আত্মসমর্পণ ছিল দুঃখজনক উদাহরণ।
- নিয়ন্ত্রণহীন নির্বাহী শক্তির বিপদ: সংখ্যাগরিষ্ঠতা থাকলেই একটি সরকার সবকিছু করতে পারে না। গণতন্ত্রে শক্তিশালী সংসদ, শক্তিশালী বিরোধী দল ও জবাবদিহিমূলক কার্যক্রমই ভারসাম্য রক্ষা করে।
জরুরি অবস্থার শিক্ষা শুধু ইতিহাসচর্চার বিষয় নয় বরং তা সমকালীন প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক। আজকের ভারত হয়তো ১৯৭৫ সালের ভারত নয়, কিন্তু ক্ষমতার কেন্দ্রীকরণ, বিরোধীদের কণ্ঠরোধ এবং সংবিধানকে পাশ কাটানোর প্রবণতা আজও নানা রূপে ফিরে আসছে। জাতীয় স্বার্থের নামে নাগরিক স্বাধীনতা খর্ব করার প্রলোভন আবারো দেখা দেয়, তবে তা হয়তো সূক্ষ্ম ও ব্যুৎপত্তিসম্পন্ন ভাষায় ঢাকা থাকে।
তাই গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক, প্রতিষ্ঠান এবং নেতা-নেত্রীকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে:
- আমরা কি ক্ষমতা কেন্দ্রীকরণের বিপদ চিনতে পারি?
- আমরা কি সংবাদপত্র, বিচারব্যবস্থা ও নাগরিক স্বাধীনতাকে যথাযথভাবে রক্ষা করছি?
- আমরা কি গণতন্ত্রকে যথেষ্ট গুরুত্ব দিয়ে লালন করছি?
জরুরি অবস্থা কেবল ভারতের নয়, বরং বিশ্বের যেকোনো গণতন্ত্রের জন্য এক শক্তিশালী বার্তা- গণতন্ত্রের মৃত্যু নাটকীয় নয়, ধীরে ধীরে ঘটে; একদিনে নয় বরং দিনে দিনে। সে জন্য চিরন্তন সতর্কতা, সক্রিয় নাগরিক মনোভাব এবং স্বাধীনতার প্রতি অবিচল আস্থাই গণতন্ত্রকে রক্ষা করতে পারে।
জরুরি অবস্থা ইতিহাসের অন্ধকার অধ্যায় হলেও- তার শিক্ষা আমাদের আলোকবর্তিকা হোক। কারণ গণতন্ত্র কোনো উপহার নয়- এটি অর্জিত উত্তরাধিকার, যাকে প্রতিদিনই রক্ষা করতে হয় কঠিন নিষ্ঠা ও সাহসের সঙ্গে।
- শশী থারুর, জাতিসংঘের প্রাক্তন আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ভারতের প্রাক্তন বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী এবং মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী। সূত্র: প্রজেক্ট সিন্ডিকেট

