ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান সতর্ক করেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সংকটের সুযোগে বহিরাগত শক্তি প্রভাব বিস্তার করছে। ঋণকূটনীতির মাধ্যমেও ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বারবার সরকার পরিবর্তন এবং রাজনৈতিক আদর্শচ্যুতি আঞ্চলিক ভারসাম্যকে নষ্ট করছে।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সম্প্রতি চীনের এক সম্মেলনে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের উপস্থিতি তাকে শঙ্কিত করেছে। এই তিন দেশের স্বার্থভিত্তিক ঘনিষ্ঠতাকে তিনি ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন।
চীন ও পাকিস্তানের কৌশলগত সম্পর্ক বহু পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভূমিকাও ভারতের কাছে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শেখ হাসিনার সরকার পরিবর্তন, তাঁর দেশত্যাগ এবং ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ ভারত-বাংলাদেশ সম্পর্ককে নাজুক অবস্থায় নিয়ে গেছে বলে জেনারেল চৌহান মন্তব্য করেন।
সিডিএস চৌহানের বক্তব্যের পটভূমিতে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত ও সেখানে চীনের ভূমিকার প্রশ্নও আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সংঘাতকালে চীন পাকিস্তানকে কতটা এবং কীভাবে সহায়তা করেছে তা স্পষ্ট বলা কঠিন। তবে পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রীর বড় অংশই চীন থেকে আসে, তাই চীনা উপস্থিতি সেখানে অনস্বীকার্য।”
চৌহান বলেন, “সংঘাতের সময় উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিকতা দেখা না গেলেও চীন-পাকিস্তান প্রতিরক্ষা অংশীদারিত্ব ও অস্ত্র সরবরাহ ভারতের জন্য উদ্বেগের কারণ।”
চৌহানের বক্তব্যের কয়েকদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লে. জেনারেল রাহুল আর সিং মন্তব্য করেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে, তার ৮১ শতাংশই ছিল চীনা। ওই সংঘাতকে চীন তাদের অস্ত্র কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এই পরিস্থিতিতে ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় চীন-পাকিস্তান-বাংলাদেশ ঘনিষ্ঠতা যদি নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অগ্রাহ্য করে এগোয়, তবে তা ভারতের জন্য দীর্ঘমেয়াদে হুমকি হয়ে উঠতে পারে।

