—পুরোনো অডিও ফাঁস
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসময় ব্যক্তিগতভাবে হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, পুতিন ইউক্রেনে হামলা চালালে তিনি মস্কোয় বোমা ফেলতেন। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও টেপে এমন মন্তব্য শোনা গেছে ট্রাম্পের মুখে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রথমবারের মতো অডিওটি প্রকাশ্যে এনেছে।
২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প এই বক্তব্য দেন। সেখানে তিনি তহবিলদাতাদের উদ্দেশে বলেন, “আমি পুতিনকে বলেছিলাম- আপনি যদি ইউক্রেনে ঢোকেন, আমি মস্কোয় বোমা ফেলব। তখন তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না।’ তবে আমি জানি, অন্তত ১০ ভাগ হলেও তিনি বিশ্বাস করেছিলেন।”
অডিও রেকর্ডিং অনুসারে, ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকেও। তিনি বলেন, “আমি চিন পিংকে বলেছিলাম- তাইওয়ানে হামলা করলে বেইজিংয়ে বোমা ফেলব। ও ভাবত আমি পাগল।”
সাবেক প্রেসিডেন্টের এই কথোপকথনের রেকর্ড প্রথম সংগ্রহ করেন সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডরফ। তাঁরা সদ্য প্রকাশিত বই “২০২৪”-এ এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেছেন। ওই অডিওগুলো আগে কখনো প্রকাশ্যে আসেনি।
অভ্যন্তরীণ এই আলোচনায় ট্রাম্প আরও বলেন, বাইডেন প্রেসিডেন্ট না হলে ইউক্রেন ও গাজার যুদ্ধ হতো না। তাঁর দাবি, “যদি আমি প্রেসিডেন্ট হতাম, এই দুই যুদ্ধের একটি শুরুই হতো না।”
ট্রাম্পের প্রচার টিম অবশ্য ফাঁস হওয়া অডিওর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে অডিওতে ট্রাম্পের এক নতুন রূপ উঠে এসেছে- বন্ধ দরজার আড়ালে বিত্তবান দাতাদের মন জয় করতে গিয়ে তিনি খোলামেলা ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।
তিনি শুধু আগ্রাসী পররাষ্ট্রনীতির কথা বলেননি, বরং যুক্তরাষ্ট্রে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দেশছাড়া করারও পরিকল্পনার ইঙ্গিত দেন। এ বক্তব্য সাম্প্রতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের প্রেক্ষাপটে এসেছে বলে ধারণা বিশ্লেষকদের।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ফের পুতিন প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমি পুতিনের ওপর খুশি না। আমি তাঁর আচরণে খুবই অসন্তুষ্ট। তিনি এখন যুক্তরাষ্ট্রকে ঘিরে নানা আজেবাজে কথা বলছেন এবং শান্তি চুক্তিতে রাজি হচ্ছেন না।”
উল্লেখ্য, ট্রাম্প পূর্বেও দাবি করে আসছেন যে, তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বা গাজা সংঘাতের জন্মই হতো না। যদিও বাস্তবতা বলছে, উভয় যুদ্ধ এখনো চলমান এবং তা বিশ্ব রাজনীতিকে মারাত্মকভাবে আলোড়িত করে তুলেছে।

