ইসরায়েল আবারও এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছে, যা বহু ফিলিস্তিনির কাছে ১৯৪৮ সালের ‘নাকবা’ বা ‘বিপর্যয়’-এর দুঃসহ স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার ঘোষণা দিয়েছেন, গাজার সব বাসিন্দাকে দক্ষিণের রাফাহ এলাকায় একটি নির্দিষ্ট ক্যাম্পে স্থানান্তরের নির্দেশ তিনি সেনাবাহিনীকে দিয়েছেন।
তাঁর ভাষায়, এই রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি হবে একটি ‘মানবিক শহর’। তবে প্রাথমিকভাবে সেখানে মাত্র ছয় লাখ ফিলিস্তিনিকে রাখা যাবে, অথচ গাজা উপত্যকার মোট জনসংখ্যা ২১ লাখেরও বেশি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজার বাসিন্দাদের আর নিজ এলাকায় ফিরে যাওয়ার অনুমতি থাকবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইসরায়েলের এ পরিকল্পনা বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতির সময়কে ঘিরে, যা হামাসের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ মূলত একটি “মানবতাবিরোধী অপরাধের পূর্ব পরিকল্পনা”।
ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-কে বলেছেন, “এটা আসলে গাজার জনগণকে উপত্যকার বাইরে নির্বাসনে পাঠানোরই প্রস্তুতি। এর লক্ষ্য গাজার ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতাকে চিরতরে বদলে দেওয়া।”
জাতিসংঘ ইতিমধ্যেই এমন পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংস্থাটি বলেছে, বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর করা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং এটি জাতিগত নিধনের শামিল।

এদিকে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ-পরবর্তী গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অন্যত্র স্থায়ীভাবে পুনর্বাসন করা উচিত।
নেতানিয়াহু বলেন, “এটা হবে একটি স্বাধীন পছন্দ—যদি কেউ থাকতে চায়, তারা থাকবে। আর কেউ চলে যেতে চাইলে, তাদের সেই সুযোগ দিতে হবে।” ট্রাম্পও জানিয়েছেন, আশেপাশের দেশগুলো থেকে তিনি ইতিবাচক সহযোগিতা পাচ্ছেন।
তবে ট্রাম্পের এই পরিকল্পনার বিপরীতে আরব রাষ্ট্রগুলো মার্চ মাসে মিশরের ৫৩ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন প্রস্তাবে সমর্থন জানিয়েছে, যা ফিলিস্তিনিদের নিজ জায়গাতেই পুনর্বাসনের সুযোগ দেবে। তারা এই স্থানান্তর পরিকল্পনাকে “মানবতাবিরোধী অপরাধ” এবং “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” হিসেবে উল্লেখ করেছে।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেই শরণার্থীদের অনেকেই আশ্রয় নিয়েছিলেন গাজায়। আজ তাদের উত্তরসূরিরাই গাজার জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশ।
ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কাকে নতুন করে জাগিয়ে তুলেছে।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় যে অভিযান শুরু হয়, তা এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে বলে দাবি করেছে হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ। ল্যানসেট জার্নালের মতে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
গাজার ৯০ শতাংশের বেশি ঘরবাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খাবার, ওষুধ, জ্বালানি ও আশ্রয়ের সংকট চরমে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, আহতদের অন্তত এক-চতুর্থাংশ চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন।
গাজা যেন এখন আর একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যেকোনো সিদ্ধান্ত কেবল ভবিষ্যৎ গাজার ভূগোল নয়, বরং ফিলিস্তিনি জাতির অস্তিত্বকেই প্রভাবিত করতে পারে।

