ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন সাত সেনাকে জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য করা, যৌন হেনস্তা ও হুমকির অভিযোগে আটক করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানায়, গতকাল রাতে তাদের আটক করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি পুলিশ জানিয়েছে, ‘দীক্ষা অনুষ্ঠানের’ সময় সিনিয়র সেনারা গুরুতর অপরাধ করেছে বলে তদন্ত শুরু হয়েছে। ১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সদস্যরা অন্তত ১০ জন জুনিয়র সেনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যার মধ্যে সমকামিতায় বাধ্য করার অভিযোগও রয়েছে।
এছাড়া তারা যৌন হেনস্তা, মারধর ও হুমকিও দিয়েছে। প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক অবস্থায় আছে এবং এ বিষয়ে এখনো মন্তব্য করতে পারছে না। তবে এসব ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

