মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের অর্থনীতির একটি প্রধান উৎস—তেল বিক্রির পেছনের ছায়া ব্যবসায় জড়িত ২২টি বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৯ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, হংকং, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং তুরস্কের এসব কোম্পানি ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানিতে সাহায্য করেছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্স এই কোম্পানিগুলোর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে তেল বিক্রি করে কোটি কোটি ডলার উপার্জন করেছে। এরপর সেই অর্থ গোপন অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কুদস ফোর্সকে যুক্তরাষ্ট্র অনেক আগেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা নিয়মিতভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে ছায়া আর্থিক ব্যবস্থার (shadow banking) মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কড়া ভাষায় বলেন, “ইরানি সরকার দেশের জনগণের উন্নয়নের জন্য নয়, বরং নিজেদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে নিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের নানা পথ বেছে নিচ্ছে।”
এই ধরনের অভিযোগে অতীতেও ইরান ও তার সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার একসাথে তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের কোম্পানিকে নিশানা করায় আন্তর্জাতিক বাণিজ্য মহলে আলোচনার ঝড় উঠেছে।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা

