গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দেওয়ার জেরে জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রানচেস্কা আলবানেজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে (১০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার জানান, ফ্রানচেস্কা আলবানেজ “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছেন”- এমন অভিযোগে তাঁর ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আলবানেজ বর্তমানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর হিসেবেই আন্তর্জাতিক পরিসরে পরিচিত। তাঁর প্রতিবেদন ও মন্তব্য বহুবার ইসরায়েল ও তার মিত্রদের সমালোচনার মুখে পড়েছে। এমনকি দীর্ঘদিন ধরে তাঁকে এই পদ থেকে সরানোরও দাবি জানিয়ে আসছে তেলআবিব।
তবে এই নিষেধাজ্ঞা নিয়ে আলবানেজ কোনও মন্তব্য করেননি। তিনি শুধু আল জাজিরাকে দেওয়া একটি টেক্সট বার্তায় বলেছেন, “মাফিয়া-স্টাইল ভয়ভীতির কৌশল নিয়ে কোনো মন্তব্য নেই। ব্যস্ত আছি রাষ্ট্রগুলোকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিতে- গণহত্যা থামাও, শাস্তি দাও এবং যারা এসব কর্মকাণ্ড থেকে লাভবান হচ্ছে, তাদেরও জবাবদিহির আওতায় আনো।”
এর আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার আওতায় থাকা সত্ত্বেও ইউরোপের আকাশসীমা ব্যবহার করছেন- যা তিনি “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, ইতালি, ফ্রান্স ও গ্রিসের নাগরিকদের জানা উচিত- আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত কেবল আইনকেই নয়, নাগরিকদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।
উল্লেখ্য, সম্প্রতি আইসিসি নেতানিয়াহু ও সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তকে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে। অভিযোগে বলা হয়, তাঁরা খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক উপকরণ থেকে ফিলিস্তিনিদের বঞ্চিত করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে জানান, যেসব আইসিসি কর্মকর্তা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে, তাঁদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরপর গত মাসে চারজন আইসিসি বিচারকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও দাবি করেন, আলবানেজ “ইহুদিবিদ্বেষী” এবং তাঁর রিপোর্টে মার্কিন কোম্পানিসহ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নামও রয়েছে- যারা ইসরায়েলি অভিযানে সহায়তা করেছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, তাঁদের সম্পদ জব্দ করা হবে এবং তাঁদের পরিবারের সদস্যরাও একই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি’-র প্রধান ন্যান্সি ওকাইল এই পদক্ষেপকে “ভয়াবহ এবং কর্তৃত্ববাদী আচরণ” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “জাতিসংঘের একজন স্বতন্ত্র বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বৈরশাসকদের মতো আচরণ করছে।”
প্রসঙ্গত, গত ২১ মাসে মার্কিন সমর্থনে পরিচালিত ইসরায়েলি অভিযানে গাজা ভূখণ্ড কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ সময় নিহতের সংখ্যা অন্তত ৫৭ হাজার ৫৭৫ জন।

