ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার সকালে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। এতে রাজধানী ও আশপাশের অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ঝজ্জরে, যা দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়।
হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও- কম্পনের সময় দিল্লি, নয়ডা এবং গুরুগ্রামসহ আশপাশের এলাকায় ফ্যান, আসবাবপত্র ও কম্পিউটার কাঁপতে দেখা যায়। এতে অনেক বাসিন্দা ও অফিসকর্মী আতঙ্কে বাড়ি ও বহুতল ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পবিজ্ঞানীদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দিল্লিতে মাঝেমধ্যে এমন কম্পন অনুভূত হওয়াটা অস্বাভাবিক নয়। ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, দেশটির প্রায় ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্পপ্রবণ। এর আগে গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

