ইসরায়েলের টানা আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরো অন্তত ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন প্রাণ হারিয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে। একই দিনে যুদ্ধবিরতির অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরা জানায়, যুদ্ধবিরতির বিষয়ে এখনো আলোচনা চলছে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। যদিও হামাস বলেছে, ইসরায়েলের “একগুঁয়েমির” কারণে আলোচনার পথ সহজ হচ্ছে না। হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু জানান, “আমরা যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব গ্রহণ করেছি। জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ ও সম্মানজনক ত্রাণপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তাও দেখাচ্ছি।”
তিনি আরো বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী যেন এমনভাবে অবস্থান করে, যাতে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “চুক্তি খুব সম্ভবত এই সপ্তাহ বা আগামী সপ্তাহে হতে পারে। তবে কিছুই নিশ্চিত নয়।” ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির জানান, যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির আওতায় ১০ জন জীবিত বন্দি এবং ৯ জনের মরদেহ হস্তান্তরের বিষয় আলোচনা চলছে।
তবে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার নিহত ৭৪ জনের মধ্যে ৮ জন ছিলেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়িয়েও গুলিবিদ্ধ হচ্ছেন।
গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতাল জানিয়েছে, জ্বালানি সংকটে তাদের কার্যক্রম চরম হুমকির মুখে। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, “জ্বালানি শেষপ্রায়, ডাক্তাররা প্রচণ্ড গরম, ক্ষুধা আর ক্লান্তি সত্ত্বেও কাজ করে যাচ্ছেন।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬০০টির বেশি স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে। বর্তমানে ৩৬টি সাধারণ হাসপাতালের মধ্যে মাত্র ১৮টি আংশিক চালু রয়েছে।

