বিশ্বের অন্যতম বিতর্কিত ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো হঠাৎ করেই পদত্যাগ করেছেন। বুধবার (১০ জুলাই) তার এই পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২৩ সালে ‘টুইটার’ কিনে ‘এক্স’ নামকরণ করেন মাস্ক। এরপরই এনবিসি ইউনিভার্সাল থেকে লিন্ডা ইয়াকারিনোকে এনে এক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব দেন তিনি। বিজ্ঞাপন শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা থাকা ইয়াকারিনোকে নিয়োগের উদ্দেশ্য ছিল প্ল্যাটফর্মটিকে আরো বাণিজ্যিকভাবে শক্তিশালী করা। তবে দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই আকস্মিকভাবে দায়িত্ব ছাড়লেন তিনি।
পদত্যাগের কোনও নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করেননি ইয়াকারিনো। এ বিষয়ে এক্স বা ইয়াকারিনো কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
লিন্ডার পদত্যাগ এমন এক সময় এল, যখন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন এবং তার টেসলা প্রতিষ্ঠানের গাড়ি বিক্রিও নিম্নমুখী। এছাড়া মাস্কের নানা বিতর্কিত বক্তব্য, বিশেষত ২০২৩ সালে ইহুদি-বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে সমর্থন, প্ল্যাটফর্মটির বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলে।
এক পর্যায়ে এক্স বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিজ্ঞাপন প্রত্যাহারের অভিযোগে মামলা করে। এরপর চলতি বছরের মার্চে মাস্কের আরেক স্টার্টআপ ‘এক্সএআই’ পুরো ‘এক্স’ প্ল্যাটফর্মকে ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক চুক্তিতে অধিগ্রহণ করে।
বিপুল ঋণ এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক চাপের মুখে মাস্কের এই প্রতিষ্ঠানে লিন্ডার পদত্যাগ ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

