বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেন্দ্র করে সংকট দিন দিন আরো জটিল আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
বুধবার (৯ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত ও রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারভির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গা সংকটের টেকসই ও সম্মানজনক সমাধানে দু’পক্ষই একমত প্রকাশ করেছে। আলোচনায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের পাশাপাশি সীমিত মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতা কমে যাওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
পররাষ্ট্রসচিব ফরাসি সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিশ্বব্যাপী যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার আওতায় আর্থিক প্রতিশ্রুতি হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এ সংকটে অতিরিক্ত তহবিল সংগ্রহে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন।
ফরাসি বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভি সীমান্তবর্তী অঞ্চলে উভয় পক্ষের মানবিক প্রয়োজন মেটাতে একটি টেকসই সমাধানের ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনের ওপরও গুরুত্ব আরোপ করেন।

