ফিলিস্তিনে চলমান গণহত্যার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট রোধে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। বুধবার (৯ জুলাই) স্পেনের সংসদে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
সানচেজ বলেন, “কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে এবং অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।” তিনি আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যা করছে, তা “এই শতকের অন্যতম অন্ধকার অধ্যায়” হিসেবে ইতিহাসে বিবেচিত হবে।
স্প্যানিশ প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “যে অপরাধে আমরা পুতিনকে ইউক্রেনে যুদ্ধের জন্য দায়ী করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তবে তাকে ছাড় দেওয়া যায় না।”
গাজায় প্রতিদিন যে মর্মান্তিক ছবি দেখা যাচ্ছে- ধ্বংসস্তূপে আপনজন খুঁজতে থাকা শিশু কিংবা খাদ্য সংকটে মারা যাওয়া মানুষ- তা শুধু আবেগ নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব জাগ্রত করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর টানা ২১ মাসের আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই মৃতদের বেশিরভাগই নারী ও শিশু।

