গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে স্পেনের এক রেস্তোরাঁ ম্যানেজার ইসরায়েলি নাগরিকদের রেস্তোরাঁ থেকে বের করে দিয়েছেন। বুধবার (৯ জুলাই) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি স্পেনের ঠিক কোন শহরে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেক ব্যবহারকারী ধারণা করছেন, এটি ভিগো শহর অথবা মালাগার ঘটনা হতে পারে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ ম্যানেজার ইসরায়েলিদের লক্ষ্য করে গাজার ‘গণহত্যাকারী’ হিসেবে চিহ্নিত করেন এবং একাধিকবার ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ স্লোগান দেন। ম্যানেজারের তীব্র প্রতিবাদের মুখে ইসরায়েলিরা ধীরে ধীরে রেস্তোরাঁ ছেড়ে চলে যায়। এ সময় তাদের টেবিলে কিছু কোমল পানীয় রাখা ছিল, যা সম্ভবত খাবারের আগে অর্ডার করা হয়েছিল।
ঘটনার সময় ইসরায়েলিরা কিছু বলার চেষ্টা করলেও ম্যানেজার তাদের বাধা দেন এবং ফিলিস্তিনপন্থি স্লোগান দিতে থাকেন।
এই ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিকমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ একে মানবিক প্রতিবাদ হিসেবে দেখলেও- অনেকে এটিকে জাতিগত বৈষম্যের পর্যায়ে ফেলছেন।

