লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইয়ের ইংরেজি শুনে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট বোয়াকাই ইংরেজিতে কথা বললে ট্রাম্প সরল বিস্ময়ে জানতে চান, “আপনি ইংরেজি শিখলেন কোথায়?”
বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স মতে, বুধবার হোয়াইট হাউসে একদল আফ্রিকান নেতার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। আলোচনার একপর্যায়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট বোয়াকাই যখন ইংরেজিতে বক্তব্য শুরু করেন, তখনই ট্রাম্প প্রশ্নটি করেন। উত্তরে বোয়াকাই বলেন, “লাইবেরিয়া থেকেই।”
জবাবে ট্রাম্প বলেন, “এটা বেশ মজার। এখানে উপস্থিত অনেকেই এত ভালো ইংরেজি বলেন না।”
প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য শুনে বোয়াকাই হালকা হাসলেও, বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের নজর কাড়ে। কারণ, ট্রাম্প সম্ভবত জানতেন না- লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি।
রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, লাইবেরিয়া ১৮২২ সালে আফ্রিকান-আমেরিকানদের জন্য প্রতিষ্ঠিত একটি উপনিবেশ হিসেবে যাত্রা শুরু করে। দাসপ্রথার অবসানের পর বহু কৃষ্ণাঙ্গ আমেরিকানকে সেখানে পাঠানো হয় এবং তারা ইংরেজিভাষী ছিল। সে সূত্র ধরেই আজও দেশটির সরকারি ভাষা ইংরেজি।
বৈঠকে প্রেসিডেন্ট বোয়াকাই আরো বলেন, “লাইবেরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু। আমরা আপনার ‘আমেরিকাকে আবার মহান করে তোলার’ নীতিকে সমর্থন করি। এই সম্মান ও সুযোগের জন্য আমরা কৃতজ্ঞ।”
তারপরই প্রেসিডেন্ট ট্রাম্প বোয়াকাইয়ের ইংরেজি দক্ষতা নিয়ে উক্ত মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

