ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। হামলায় শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে।
কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে, যদিও বিবিসি এখনো এসব ছবি যাচাই করেনি। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
গত মঙ্গলবার রাশিয়া ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ব্যাপক আকাশপথে হামলা চালায়। আজ সকালে কিয়েভের ছয়টি জেলায় রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আবাসিক ভবন, যানবাহন, গুদামঘর ও অফিসসহ বিভিন্ন স্থানে আগুন লেগেছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে দুইজন মারা গেছেন, যারা রুশ হামলার শিকার হয়েছেন। এটি একটি ভয়াবহ ক্ষতি।”
কিয়েভের পডিলস্কি এলাকার মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, সেখানে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে’।
শহরবাসীকে এয়ার রেইড সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলার আশঙ্কা এখনো রয়ে গেছে। তবে কিয়েভের বাইরের কোনো অঞ্চলে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

