লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এটারনিটি সি’ নামের একটি পণ্যবাহী জাহাজে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলায় কমপক্ষে চারজন নাবিক নিহত হয়েছেন। হামলার পর ছয়জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে হুতিরা।
রয়টার্স জানায়, জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘এটারনিটি সি’ ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গত সোমবার হুতিরা ক্ষেপণাস্ত্র ও নৌযান ব্যবহার করে হামলা চালায়। হামলার পরে হুতি যোদ্ধারা জাহাজ থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে এবং নিরাপদ এলাকায় নিয়ে গিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী পরিচালিত অপারেশন অ্যাসপাইডস জানায়, জাহাজে ২২ জন ক্রু ও তিনজন নিরাপত্তা কর্মী ছিলেন। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ফিলিপাইন এবং একজন ভারতীয় নাগরিক। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, জাহাজটি ‘উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে এবং ইয়েমেনের হুদেইদাহর কাছে ডুবে গেছে, যা হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা।
হুতিরা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। তারা বলছে, গাজার প্রতি সংহতি হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে হামলা চালানো হচ্ছে। তবে এর মধ্যেই ইসরায়েল ইয়েমেনে হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে।

