ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদারের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক মালয়েশিয়ায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে।
রুবিওর এশিয়া সফর মার্কিন পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্য যুদ্ধ জোরদার করার সময় এ সফর করছেন তিনি। বৈঠকের মাধ্যমে কুয়ালালামপুরে দুই শীর্ষ কূটনীতিক বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
গতকাল রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত সাতজন আহত হয়েছেন, শহরে এখনো রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি রয়েছে। ইউক্রেনে চলমান সংঘাতের মাঝে এই বৈঠকের গুরুত্ব বেশী হয়ে উঠেছে। রুবিও ও লাভরভের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল গত ফেব্রুয়ারি সৌদি আরবে।
মালয়েশিয়া সফরের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ উত্তর কোরিয়া সফরে যাবেন, যেখানে দুই দেশের সামরিক সম্পর্ক আরো দৃঢ় করার পরিকল্পনা রয়েছে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ ও সেনা প্রেরণে সহায়তা করছে।

