মার্কিন মহাকাশ সংস্থা নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে বর্তমান পরিবহন মন্ত্রী শন ডাফিকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেসএক্স প্রধান ইলন মাস্কের ঘনিষ্ঠ মিত্র জারেড আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহারের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা এএফপি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের দেশের পরিবহন ব্যবস্থায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন শন। এখন সাময়িকভাবে নাসার মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বও তার হাতে তুলে দেওয়া হচ্ছে। অভিনন্দন ও ধন্যবাদ, শন।”
দায়িত্বপ্রাপ্তির পর ডাফি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “এই দায়িত্ব পেয়ে সম্মানিত। এখন সময় মহাকাশের দখল নেওয়ার। চলুন, উৎক্ষেপণ শুরু করি!”
এর আগে, মে মাসের শেষদিকে নাসার প্রধান হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা জারেড আইজ্যাকম্যানের মনোনয়ন বাতিল করেন ট্রাম্প। সিনেট ভোটে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প জানান, ‘আগের কিছু সম্পর্ক’ পুনর্বিবেচনার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আইজ্যাকম্যান এর আগে স্পেসএক্সের মাধ্যমে দুইবার মহাকাশযাত্রায় অংশ নিয়েছেন এবং ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত।
ট্রাম্প বলেন, “নাসা যখন ইলনের ব্যবসার অংশ হয়ে উঠছে, তখন তার ঘনিষ্ঠ বন্ধু সংস্থাটির নেতৃত্বে থাকা অনুচিত।”
তিনি আরো বলেন, নাসার নেতৃত্বে সাধারণত বিজ্ঞানী, প্রকৌশলী বা অভিজ্ঞ কর্মকর্তারা থাকেন, যারা আইনপ্রণেতাদের সঙ্গে সমন্বয় করে বাজেটসহ নানা প্রকল্পে কাজ করেন।
উল্লেখ্য, শন ডাফি ছাড়াও ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য বর্তমানে একাধিক দায়িত্বে আছেন। যেমন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় আর্কাইভ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

