পাকিস্তানের একটি ‘জালিয়াতি সেন্টারে’ অভিযান চালিয়ে ১৪৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন বিদেশি, যাদের মধ্যে ৪৮ জন চীনা নাগরিক। এছাড়া বাংলাদেশিসহ আরো কয়েকটি দেশের নাগরিকও রয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযানে একটি বিশাল কল সেন্টার উন্মোচিত হয়েছে যা ‘পঞ্জি স্কিম’ এবং ভুয়া বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করছিল।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর ফয়সালাবাদে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির (ওয়াপডা) সাবেক চেয়ারম্যানের ছেলে তাশিন আওয়ানের বাসভবন থেকে এই প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে জানায় সংস্থাটি। গোপন সূত্রে তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, আটক ১৪৯ জনের মধ্যে ৭৮ জন পাকিস্তানি এবং বাকি ৭১ জন বিভিন্ন দেশের নাগরিক। বিদেশিদের মধ্যে চীনের ৪৮ নাগরিক ছাড়াও নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং মিয়ানমারের নাগরিকরা রয়েছেন। তবে কতজন বাংলাদেশি বা তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি সংস্থাটি। গ্রেপ্তারদের মধ্যে প্রায় ১৮ জন নারী।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং আন্তর্জাতিক প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে।

