ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘গুণগত সামরিক অভিযান’ বলে উল্লেখ করেন।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি বিশালাকৃতির বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেয় হুতিরা। সর্বশেষ ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বলে দাবি করা ‘ইটার্নিটি-সি’ নামের একটি জাহাজে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি।
সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, সোমবারের হামলায় ওই জাহাজের চার ক্রু নিহত হন। এরপর মঙ্গলবার জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এতে থাকা ২৫ জন ক্রুর মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে জিম্মি করে নেওয়ার কথা জানিয়েছে হুতিরা।
হুতি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত কিছু নাবিককে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
এর আগে, হুতিরা ‘ম্যাজিক সিস‘ নামের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই ‘ইটার্নিটি-সি‘ তে হামলা চালায়। হুতিদের দাবি, উভয় জাহাজই দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছিল।
২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। সেই সময় থেকে তারা প্রায় ১০০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে জানায়। তাদের বক্তব্য, এসব অভিযান গাজার জনগণের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চালানো হচ্ছে।

