পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস থামিয়ে অন্তত নয়জন যাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমগুলো এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজ ও ডনের।
ঘটনাটি ঘটে বেলুচিস্তানের ঝোব জেলার কাছাকাছি মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়েতে। ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানান, বন্দুকধারীরা বাস থামিয়ে যাত্রীদের গাড়ি থেকে জোর করে নামিয়ে নেয় এবং পরে গুলি চালায়। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকিস্তান সরকারের একজন মুখপাত্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের ধরতে এলাকায় ঘিরে ফেলে অভিযান চালানো হচ্ছে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF) নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছে, তারা হাইওয়ে অবরোধের পর নয়জনকে হত্যা করেছে।
এই নৃশংস ঘটনায় দেশজুড়ে নিন্দা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলা বাড়ছে এবং সরকারকে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

