ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় স্দে তেইমান সামরিক ঘাঁটিতে গাজা যুদ্ধ ফেরত এক সেনা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম, যা তুলে ধরেছে বার্তাসংস্থা আনাদোলু।
হারেৎজ পত্রিকার খবরে বলা হয়, আত্মহত্যাকারী সেনা ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। গাজা থেকে ফেরার পর তিনি ঘাঁটিতে বিশ্রামে ছিলেন এবং তখন সামরিক পুলিশের জেরার মুখোমুখি হন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে তার ব্যক্তিগত অস্ত্র জব্দ করা হয়।
তবে আত্মহত্যার জন্য তিনি তার এক ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করেন। হারেৎজের দাবি, এই তদন্ত ব্যক্তিগত আচরণের কারণে নয়, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, নিহত সেনার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে গাজার এক বিস্ফোরণে প্রাণ হারান। সংবাদমাধ্যমগুলো বলছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত রোববারও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের কাছে এক রিজার্ভ সেনা মানসিক চাপের কারণে জঙ্গলে আত্মহত্যা করেন।
ইসরায়েল হায়োম পত্রিকার তথ্য অনুযায়ী, কেবল ২০২৪ সালেই সেনাবাহিনীর ২১ জন সদস্য আত্মহত্যা করেছেন। এর আগে, গত মে মাসে হারেৎজ জানায়, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর কমপক্ষে ৪২ জন সেনা আত্মহত্যা করেছে।
এদিকে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৫৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলায় সম্মুখীন ইসরায়েল।

