ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ্য দিবালোকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ’র এক সিনিয়র কর্মকর্তা গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিইভস্কি এলাকার একটি পার্কিং লটে ঘটে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচ বলে ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। হামলাকারী অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে পাঁচবার গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।
এসবিইউ মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারির দায়িত্ব পালন করে। ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসবিইউ রাশিয়ার অভ্যন্তরে গুপ্তহত্যা এবং নাশকতা চালানোর কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে।

পুলিশ জানিয়েছে, তারা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে এবং হামলাকারীর সন্ধান ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এসবিইউ একটি বিবৃতিতে তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
ঘটনাটি এমন সময় ঘটলো যখন ইউক্রেনে রাশিয়ার তীব্র বিমান হামলা চলছে। সাম্প্রতিক কালে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে কিয়েভেও বড় ধরনের ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল দখল করে রেখেছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও অন্তর্ভুক্ত।

