উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিসের ক্রিট ও গাভদোস দ্বীপে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (১০ জুলাই) গ্রিক সরকার এই জরুরি সিদ্ধান্তের কথা ঘোষণা করে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস পার্লামেন্টে বলেন, সাম্প্রতিক দিনে মাত্র কয়েক দিনে দুই হাজারের বেশি অভিবাসী সমুদ্রপথে ক্রিট ও গাভদোসে পৌঁছেছেন। পরিস্থিতি ‘জরুরি’ হওয়ায় অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া সাময়িক স্থগিত রাখা জরুরি ব্যবস্থা।
এই স্থগিতাদেশ শুধুমাত্র ক্রিট ও গাভদোস দ্বীপে আগত অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। অপ্রচলিত পথে আসা অভিবাসীদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গ্রিস ইতোমধ্যে গাভদোসে একটি আটককেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে এবং দক্ষিণ গ্রিসের জলসীমায় নৌবাহিনী মোতায়েন বাড়াচ্ছে।
অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, সুদান, মিশর এবং বাংলাদেশের নাগরিক। গত বছরের শুরু থেকে ২০২৫ সালের ৫ জুলাই পর্যন্ত প্রায় ২০ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছেন। চলতি সপ্তাহে ক্রিট দ্বীপে নতুন করে দুই হাজারের বেশি অভিবাসী এসেছে।
লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অধিকাংশ যাত্রা শুরু হয়, যেখানে সামরিক ক্ষমতাধর খলিফা হাফতারের নিয়ন্ত্রণে অঞ্চল অবস্থিত। ইইউ অভিবাসন কমিশনার মাগনুস ব্রুনার লিবিয়ায় সহযোগিতা বাড়ানোর চেষ্টা করলেও পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার সুযোগ না দিয়ে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে লিবিয়াকে আর্থিক ও নীতিগত সহযোগিতা দিয়ে আসছে, যাতে পাচার বন্ধ ও অভিবাসন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া যায়। তবে বাস্তব চ্যালেঞ্জ এখনও রয়েছে।

