মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার শততম জন্মদিনে বিশ্বের গণতন্ত্র এবং আধুনিক সভ্যতাকে ব্যর্থ হিসেবে আখ্যায়িত করেছেন। একশ বছর বয়সে পৌঁছানোর প্রাক্কালে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “গণতন্ত্র যেমন কাজ করেনি, তেমনি আধুনিক সভ্যতাও ব্যর্থ হয়েছে।”
বৃহস্পতিবার (১০ জুলাই) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে মাহাথির বলেন, “গণতন্ত্র মানুষের তৈরি পদ্ধতি, নিখুঁত নয়। একে সঠিকভাবে ব্যবহার না করলে এর থেকে ভালো কিছু পাওয়া যায় না।” তিনি আরো বলেন, “বহুদলীয় গণতন্ত্র বরং দুর্বলতা সৃষ্টি করে। যদি শুধু দুটি দল থাকে, তবে সরকার গঠন সহজ হয়। কিন্তু অনেক নেতা তৈরি হওয়ায় দল ভাঙে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে সরকার গঠন ব্যাহত হয়- এ কারণে অনেক দেশে গণতন্ত্র ব্যর্থ।”
আধুনিক সভ্যতার প্রসঙ্গে মাহাথির বলেন, “গাজায় ইসরায়েলের আগ্রাসন এক ধরনের গণহত্যা, যেখানে যুক্তরাষ্ট্র অপরাধীদের পেছনে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি দেখিয়ে দেয়, আধুনিক সভ্যতা ধসে পড়েছে এবং মানবিক মূল্যবোধও ধ্বংস হয়ে গেছে।”
মাহাথির আরো বলেন, “আজ মানুষ আবার বর্বরতায় ফিরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন আর মানবাধিকারের কথা বলে না, মানুষের জীবন নিয়ে ভাবে না। তারা বিশ্বনেতৃত্বের যোগ্যতা হারিয়েছে।”

প্রসঙ্গত, ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ প্রদেশে জন্মগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। মাত্র ২১ বছর বয়সে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৪ সালে প্রথমবার পার্লামেন্টে নির্বাচিত হন এবং ১৯৮১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। টানা ২২ বছর তিনি দেশ শাসন করেন, যা মালয়েশিয়ার ইতিহাসে দীর্ঘতম শাসনকাল। তার সময়ে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে। ২০১৮ সালে তিনি আবারো প্রধানমন্ত্রী হন এবং দুই বছর পর পদত্যাগ করেন।
নিজের দীর্ঘ জীবন প্রসঙ্গে মাহাথির বলেন, “অতিরিক্ত খাওয়া-দাওয়া না করাই ভালো। আমি নিয়মিত শরীরচর্চা করি, পড়ি, লিখি, বিতর্ক করি- মস্তিষ্কের ব্যায়াম করি।” তিনি তার স্ত্রী সিতি হাসমাহ (৯৮)-কে সারাজীবনের প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
মালয়েশিয়ার ভবিষ্যৎ ও মুসলিম বিশ্বের ঐক্য নিয়েও তিনি কথা বলেন। তার মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন ছাড়া দেশ এগোবে না। আর মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুতেও একমত হতে পারে না, যা ওআইসির ব্যর্থতার প্রতিচ্ছবি।
নিজের অর্জন নিয়ে মাহাথির বলেন, “আমি নিজেকে মূল্যায়ন করব না। ইতিহাস বলবে আমি কী করেছি। তবে দেশের জন্য কাজ করাটাই সবচেয়ে তৃপ্তির।”

