রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একপ্রকার পরাজিত- এমন মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, ইউক্রেন ও ইউরোপ ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছে, কিন্তু তারা জয়ী হওয়ার ভান করছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে কোসুথ রেডিওর এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভিক্টর অরবান এসব কথা বলেন। ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের ভূমিকাকে নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, “এই যুদ্ধের কোনও সামরিক সমাধান নেই। ইউক্রেনীয়রা প্রকৃত অর্থেই এটি হেরে গেছে। ইউরোপও ইউক্রেনের সঙ্গে একত্রে পরাজিত হয়েছে। কিন্তু কারও সাহস নেই এটি স্বীকার করার কিংবা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর।”
অরবানের মতে, ইউরোপীয় নেতারা এখনো রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ডে পরাজিত করার কল্পনাতেই আটকে আছেন এবং সেই লক্ষ্যেই কিয়েভ সরকারকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, “তারা এমন আচরণ করছে যেন যুদ্ধক্ষেত্রে বিজয় সম্ভব। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইউরোপীয় ইউনিয়নের কখনোই এই সংঘাতে সরাসরি জড়ানো উচিত ছিল না। এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধ থামিয়ে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া।”
ভিক্টর অরবান ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোর নীতির সমালোচক। ন্যাটো ও ইইউ সদস্য হলেও তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা ও মধ্যপন্থার পক্ষে বরাবরই অবস্থান নিয়েছেন।

