দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের জোট আসিয়ান (ASEAN) গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, “২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং ২০২৫ সালের ১৮ মার্চ নতুন করে সংঘাত শুরুর পর গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। আমরা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “আমরা বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর ওপর সকল আক্রমণের নিন্দা জানাই। এতে হতাহতের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে- বিশেষত নারী ও শিশুদের মধ্যে। একইসঙ্গে মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহে চলমান বাধাও সংকটকে আরও তীব্র করেছে।”
যৌথ বিবৃতিতে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো “তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির” আহ্বান জানিয়েছে। পাশাপাশি নারী, শিশু, অসুস্থ ও প্রবীণ বন্দিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা UNRWA’র ম্যান্ডেট বাস্তবায়নে সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান। এছাড়া সীমান্ত ক্রসিং ও সমুদ্রপথে দ্রুত, নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং টেকসই মানবিক প্রবেশাধিকার পুনঃচালুর আহ্বান জানানো হয়েছে।

