আজ ১২ জুলাই, বিশ্ব মালালা দিবস। নারী শিক্ষার প্রতি সাহসী ভূমিকা এবং শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য এই দিনটিকে মালালা ইউসুফজাইয়ের নামে জাতিসংঘ ২০১৩ সালে ঘোষণা করে ‘মালালা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। শিশুকাল থেকেই নারী শিক্ষার অধিকার আদায়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্বের ইতিহাসে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হয়ে ওঠেন মালালা।
২০০৭ সালে পাকিস্তানে তালেবানদের কট্টরপন্থী সিদ্ধান্তে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হলে মালালার জীবন আমূল বদলে যায়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়িয়ে ‘গুল মাকাই’ ছদ্মনামে বিবিসির উর্দু ওয়েবসাইটে ডায়েরি লিখে পরিচিতি লাভ করেন তিনি। সেসব লেখায় ছিল তালেবানি নিপীড়নের বাস্তব চিত্র, শিক্ষার আকাঙ্ক্ষা ও ভয়াবহ রাতের গোলাগুলির স্মৃতি।
২০০৯ সালে নিউইয়র্ক টাইমস মালালাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে, যা বিশ্বজুড়ে তাকে পরিচিত করে তোলে। তালেবানবিরোধী অবস্থানের কারণে ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে সশস্ত্র তালেবানদের গুলিতে গুরুতর আহত হন তিনি।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মালালাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই নতুন জীবন শুরু করেন তিনি। বার্মিংহামের এজবাস্টন হাইস্কুলে পড়াশোনা করে পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
নিজের জীবনের সংগ্রাম ও সাহসিকতা নিয়ে লিখেছেন আত্মজীবনীমূলক গ্রন্থ ‘I Am Malala: How One Girl Stood Up for Education and Changed the World’, যা আমাজনের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় জায়গা করে নেয়। মালালার জীবনের ওপর ভিত্তি করে ২০১৫ সালে নির্মিত তথ্যচিত্র ‘He Named Me Malala’ প্রচারিত হয় বিশ্বের ১৭৫টি দেশে ১১টি ভাষায়।
মালালা ইউসুফজাইয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে পাকিস্তানের জাতীয় যুব শান্তি পুরস্কার, ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার, ডয়চে ভেলের সর্বাধিক প্রভাবশালী কিশোরী স্বীকৃতি, টাইম ম্যাগাজিনের তিনবারের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাভুক্তি, কানাডার সাম্মানিক নাগরিকত্ব, হ্যালিফ্যাক্স ইউনিভার্সিটি অব কিংস কলেজের ডক্টরেট উপাধি এবং বিশ্ব শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন।
শুধু পাকিস্তান নয়, মালালা আজ সারা বিশ্বের নারী ও শিশু অধিকার রক্ষার প্রতীক। নারী শিক্ষা ও মৌলিক অধিকার নিয়ে তাঁর সংগ্রাম আজও চলমান। মালালার সাহসিকতা এবং মানবাধিকার আন্দোলনের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক হিসেবে বিশ্ববাসী আজ এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

