ইরানে এক ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত এই ব্যক্তির শাস্তি ভুক্তভোগীর পরিবারের অনুরোধেই প্রকাশ্যে কার্যকর করা হয়।
ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিহত তরুণীর পরিবার উত্তরপূর্বাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা। তারা পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল এবং আদালতের কাছে অভিযুক্তকে জনসমক্ষে ফাঁসির আবেদন করে। আদালত সেই আবেদন অনুমোদন করে।
প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, “সাধারণ মানুষের আগ্রহ এবং মামলাটির গুরুত্বের কারণে আমরা এটি বিশেষভাবে বিবেচনায় নিয়েছি।”
ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাটি বেশ আলোড়ন তোলে। মামলার শুনানি শেষে চলতি বছরের মার্চে নিম্ন আদালত ধর্ষককে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে।
ইরানে ধর্ষণ এবং হত্যা উভয়ই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। দেশটিতে আলোচিত অপরাধের ক্ষেত্রে দণ্ড প্রায়ই জনসমক্ষে কার্যকর করা হয়ে থাকে। চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

