ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক মার্কিন তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, গত শুক্রবার রামাল্লার উত্তরে সিঞ্জিল শহরে সাইফুল্লাহ মুসাল্লেত নামে ২০-এর কোঠায় থাকা ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরের বাসিন্দা মুসাল্লেত সম্প্রতি স্বজনদের দেখতে ফিলিস্তিনে গিয়েছিলেন। পরিবার জানায়, তিনি সাইফ আল-দিন মুসালাত নামেও পরিচিত ছিলেন। তাঁর চাচাতো বোন ফাতমাহ মুহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মুসাল্লেতকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নির্মমভাবে হত্যা করেন।
রয়টার্সের খবরে বলা হয়, ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল থাকার কথা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ হামলার সময় মোহাম্মদ শালাবি নামের আরও এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছেন বলেও জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা নিয়মিতই ঘটে। এসব হামলায় অনেক সময় ফিলিস্তিনিদের ঘরবাড়ি, যানবাহনে আগুন দেওয়া হয়, চালানো হয় বেপরোয়া ভাঙচুর। ইসরায়েলি সেনারা একদিকে বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়, অপরদিকে ফিলিস্তিনিরা প্রতিরোধ করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব ইহুদি বসতি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের অংশ হিসেবে গৃহীত বৃহত্তর পরিকল্পনার বহিঃপ্রকাশ।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর বসতি স্থাপনকারীদের সহিংসতা আরও বেড়েছে। যদিও ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হওয়ার পর ন্যায়বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির অন্যতম মুসলিম সিভিল রাইটস সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। সংস্থাটির উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেছেন, “ইসরায়েল যদি একজন মার্কিন নাগরিককে হত্যা করে, আর প্রেসিডেন্ট ট্রাম্প তাতেও কোনো জবাবদিহি নিশ্চিত না করেন, তবে তাঁর প্রশাসন আসলে ‘ইসরায়েল ফার্স্ট’, ‘আমেরিকা ফার্স্ট’ নয়।”
ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং (আইএমইইউ) জানিয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন রাষ্ট্রীয় সহায়তায় আরো ভয়াবহভাবে পরিচালিত হচ্ছে।
এদিকে, ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা পশ্চিম তীরের জনগণকে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধে নামার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা ঘটনার তদন্ত করছে। পাশাপাশি দাবি করেছে, সহিংসতা শুরু হয়েছিল ‘ফিলিস্তিনিদের ইসরায়েলি গাড়িতে পাথর ছোঁড়ার’ মাধ্যমে।
এদিকে মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

