গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনেই আরো অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন সহায়তা গ্রহণের লাইনে দাঁড়িয়ে থাকার সময়, যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি মানবিক সহায়তা সংস্থার সামনে গুলি চালানোর ঘটনায়। সূত্র: আল জাজিরা
শনিবার দক্ষিণ গাজার রাফাহ শহরে ‘জিএইচএফ’ (হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) নামের সহায়তা কেন্দ্রের সামনে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের সতর্কতা ছাড়াই ইসরায়েলি সেনারা লাইনে দাঁড়ানো মানুষের দিকে গুলি চালায়।
সামির শায়াত নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “যে ব্যাগে খাবার নেওয়ার কথা ছিল, সেটাই হয়ে গেল মরদেহ মোড়ানোর কাপড়।”
আরেকজন, মোহাম্মদ বারবাখ বলেন, “প্রথমে খাবার দেয়, তারপর শিকারির মতো গুলি চালায় ইসরায়েলি স্নাইপাররা।”
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত এই সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার।
আল-আকসা হাসপাতালের মুখপাত্র খালিল আল-দেগরান জানান, “এত আহত মানুষের চিকিৎসা আমরা দিতে পারছি না। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট চলছে।”
শুধু রাফাহ নয়, একই দিন গাজার তুফাহ এলাকায় একটি বাসায় বোমা হামলায় ১৪ জন, জাবালিয়ায় দুটি আবাসিক ভবনে হামলায় ১৫ জন, শাতি শরণার্থী শিবিরে ৭ জন এবং বেইত হানুন শহরে শতাধিক বোমা হামলায় আরো বহু লোক নিহত হয়েছেন।
আইডিএফ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় তারা ২৫০ বার হামলা চালিয়েছে।
এদিকে গাজায় অপুষ্টির কারণে ৬৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রায় ৬.৫ লাখ শিশু বর্তমানে মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।
মানবিক সহায়তা পৌঁছানোর পথ অবরুদ্ধ থাকায় ওষুধ, খাবার ও পানি সংকট চরমে পৌঁছেছে।
অন্যদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা কার্যত থেমে গেছে। মূল বিরোধের বিষয় হলো যুদ্ধবিরতির শর্ত ও ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের মানচিত্র। হামাস বলছে, ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী রাফাহসহ প্রায় ৪০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে, যা তারা মেনে নিতে পারবে না।
হামাসের এক প্রতিনিধি বলেন, “এই মানচিত্রে সম্মতি দিলে গাজার অর্ধেক অংশ পুনরায় দখল এলাকা হিসেবে বৈধতা পাবে, আর পুরো অঞ্চলটি হয়ে উঠবে বন্দিশিবির।”
তবে সূত্র জানায়, কাতারে রোববার থেকে আবার আলোচনায় বসবে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও সক্রিয় হস্তক্ষেপ না হলে অচলাবস্থা কাটবে না বলেও ধারণা সংশ্লিষ্টদের।

