ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির অন্তত ৫৯ জন এমপি। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর ‘জাতিগত নির্মূল অভিযানের’ প্রেক্ষাপটে তারা এই দাবি জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার লেবার পার্টির প্রগতিশীল সংগঠন লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট এর উদ্যোগে এই চিঠিটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়।
চিঠিতে মধ্যপন্থি ও বাম ঘরানার লেবার এমপিরা স্বাক্ষর করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী রাফাহ শহরে একটি তথাকথিত “মানবিক শহর” গড়ে তোলার পরিকল্পনা করছেন, যেখানে গাজাবাসীদের জোর করে স্থানান্তর করার কথা বলা হচ্ছে। এমপিরা এটিকে একটি ‘জাতিগত নির্মূল অভিযান’ এবং ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
চিঠিতে আরো বলা হয়, “রাফাহে সব ফিলিস্তিনিকে সরিয়ে নিয়ে গিয়ে আটকে রাখার যে পরিকল্পনা, তা আদতে অস্তিত্ব নিধনের কৌশল। এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।”
এমপিরা ফিলিস্তিন শরণার্থীদের সহায়তা দেওয়া জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-র অর্থায়ন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ও আটক ফিলিস্তিনিদের মুক্তির বিষয়েও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
চিঠিতে বলা হয়, “ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে যুক্তরাজ্যের দ্বি-রাষ্ট্র সমাধানের নীতিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এতে এমন বার্তা যায় যে, দখলদারিত্ব ও স্থিতাবস্থা চলতেই থাকবে- যা ফিলিস্তিনি ভূখণ্ড ধীরে ধীরে অন্তর্ভুক্তির পথে এগিয়ে যায়।”
উল্লেখ্য, ইসরায়েল বর্তমানে গাজার অধিকাংশ অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। রাফাহ শহরে গড়ে তোলা “মানবিক শহর” প্রকল্প নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা অনেক দেশ ইতোমধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবিক দুর্যোগের অভিযোগে ইসরায়েলের সমালোচনা করছে।

