বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ধারায় আগামী কয়েক দশকে এক বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে ধর্মীয় জনসংখ্যার গঠন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ভারত পেছনে ফেলবে ইন্দোনেশিয়াকে এবং হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। যেখানে ২০১০ সালে বিশ্বে মুসলিমদের অনুপাত ছিল ২৩.৯ শতাংশ, তা এক দশকে বেড়ে ২০২০ সালে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে।
এই বৃদ্ধি এসেছে মূলত অধিক প্রজনন হার থেকে, যেখানে মুসলিম সম্প্রদায়ের জন্মহার এখনও মৃত্যুহারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ধর্মান্তরের ঘটনাও কিছু ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তবে তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত বলেই জানিয়েছে পিউ।
ভারতে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ২০১০ সালে যেখানে মুসলিমরা দেশটির মোট জনসংখ্যার ১৪.৩ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশে। এই সময়ের মধ্যে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ।
অন্যদিকে, হিন্দু জনসংখ্যার অনুপাত কিছুটা কমেছে। ২০১০ সালে যা ছিল ৮০ শতাংশ, তা ২০২০ সালে নেমে এসেছে ৭৯ শতাংশে।
পিউ-এর প্রতিবেদন বলছে, মুসলিমদের পর সবচেয়ে দ্রুত বাড়ছে নাস্তিক বা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা। ১০ বছরে তাদের সংখ্যা বেড়েছে ২৭ কোটি, বর্তমানে বিশ্বে প্রায় ১৯০ কোটি মানুষ কোনো ধর্ম মানেন না, যা মোট জনসংখ্যার ২৪.২ শতাংশ।
তবে খ্রিস্টান জনসংখ্যা কিছুটা বাড়লেও মোট জনসংখ্যার অনুপাতে তাদের সংখ্যা কমেছে। ২০১০ সালে খ্রিস্টানদের হার ছিল ৩০.৬ শতাংশ, যা ২০২০ সালে কমে দাঁড়িয়েছে ২৮.৮ শতাংশে।
আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, যার পেছনে চীনের কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
এই গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা দাঁড়াবে প্রায় ২৮০ কোটি। মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই এই বৃদ্ধি সবচেয়ে বেশি হবে।
ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তন শুধু পরিসংখ্যানগত বিষয় নয়—এর রয়েছে গভীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। এই প্রবণতা আগামী দশকগুলোয় বিশ্ব রাজনীতির বাস্তবতা, ধর্মীয় সহাবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপরও ফেলতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব।

