দোহায় চলমান আলোচনায় গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে জানাচ্ছেন হামাসের আলোচকরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে দেওয়া তথ্যে ফিলিস্তিনি আলোচকদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, চারটি মূল ইস্যুর মধ্যে অন্তত দুটি বিষয় এখনও অচলাবস্থায় রয়েছে। সূত্র: MEE
প্রথম ইস্যুটি হলো ৬০ দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েল কতটুকু এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, আর দ্বিতীয়টি হলো ত্রাণ বিতরণের পদ্ধতি।
যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে যে এই দুটি বিষয়ে আলোচনা পিছিয়ে দিয়ে আগে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে যেসব ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হবে, তাদের নামের তালিকা নিয়ে আলোচনা করা হোক কিন্তু ফিলিস্তিনি আলোচকদের ধারণা, এটি একটি “ফাঁদ“। একটি সূত্র জানায়, “এই প্রস্তাবের উদ্দেশ্যই হলো- আলোচনা ব্যর্থ হলে তার দায় হামাসের ওপর চাপানো।“
সূত্র জানায়, যুদ্ধবিরতির সময় ইসরায়েল গাজা উপত্যকার বৃহৎ অংশে, বিশেষ করে রাফাহ গভর্নরেটের বেশিরভাগ এবং গাজার পূর্ব ও উত্তর সীমানা বরাবর তিন কিলোমিটার গভীর একটি “বাফার জোন” ধরে রাখার পরিকল্পনা করছে। এই “বাফার জোন” অনেক ফিলিস্তিনি শহর ও আবাসিক এলাকা জুড়ে যাবে, ফলে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ তাদের ঘরে ফিরতে পারবে না।
হামাস চায়, জানুয়ারি মাসে যেসব সেনা প্রত্যাহার সীমারেখা নির্ধারিত হয়েছিল, ইসরায়েল যেন তা মেনে চলে। মার্চে ইসরায়েল ওই চুক্তি লঙ্ঘন করে। সে অনুযায়ী, ইসরায়েলি সেনারা শুধু ফিলাডেলফি করিডরের কিছু অংশ এবং গাজার পূর্ব ও উত্তর সীমান্তে ইসরায়েলি বর্ডার থেকে ৭০০ মিটার পর্যন্ত অংশে অবস্থান করতে পারবে- স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত।
ত্রাণ বিতরণ ইস্যুতেও মতবিরোধ তীব্র। ইসরায়েলি আলোচকরা চাইছেন, বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) যেন খাদ্য সরবরাহের প্রধান সংস্থা হিসেবে বহাল থাকে। অথচ আন্তর্জাতিকভাবে সংস্থাটি ব্যাপক সমালোচিত।
এই বিতর্ক এড়াতে ইসরায়েল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে বলেছে, তারাই যেন প্রধান ত্রাণ সরবরাহকারী হিসেবে কাজ করে।
WFP-এর উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ শুক্রবার বলেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদেরকে জানিয়েছে যে জাতিসংঘকে গাজায় ত্রাণ সরবরাহের প্রধান দায়িত্বে ফিরতে বলা হয়েছে। কিন্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ তারা আশঙ্কা করছে- GHF কার্যকর থাকলে পরে এটি জাতিসংঘের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।
চোখে দেখা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, GHF-এর নিয়ন্ত্রিত স্থানে ইসরায়েলি সেনা ও মার্কিন সামরিক ঠিকাদাররা নিয়মিতভাবে খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। GHF-এর সঙ্গে চুক্তিবদ্ধ মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠান UG সলিউশনসের দুই সাবেক কর্মী অ্যাসোসিয়েটেড প্রেস-কে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হারেতজ পত্রিকাও ইসরায়েলি সেনাদের স্বীকারোক্তি প্রকাশ করেছে, যাতে তারা বলেছেন, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ তাদের দেওয়া হয়েছিল।
গাজায় এইসব ত্রাণ বিতরণস্থলে মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত ৮০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫,০০০ জনের বেশি- বলেন স্বাস্থ্য কর্মকর্তারা।
গত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত অন্তত ৫৭,৮৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১,৩৮,০০০ জনকে।
ইসরায়েলের ‘ঘনিবাসন শিবির’ পরিকল্পনা-
ইসরায়েলি সেনা প্রত্যাহারের সীমারেখা ও ত্রাণ বিতরণের কাঠামো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যদি রাফাহে ইসরায়েলি সেনা থেকে যায়, তবে গাজার সবচেয়ে উর্বর কৃষিজমির একটি অংশের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে, ফলে গাজাবাসীর আত্মনির্ভর খাদ্য উৎপাদনের পথ রুদ্ধ হয়ে যাবে। তখন ইসরায়েল একটি তথাকথিত “মানবিক শহর” গড়তে পারবে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হয়েছে। অনেকে একে “ঘনিবাসন শিবির” বলে আখ্যায়িত করছেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই পরিকল্পনার ঘোষণা দেন যখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন।
কাৎজ সাংবাদিকদের বলেন, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন রাফাহর ধ্বংসস্তূপে একটি তাঁবুর শহর নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়, যেখানে শুরুতে ৬ লাখ এবং পরে গাজার পুরো জনগণকে রাখা হতে পারে।
হামাস মনে করে, GHF এবং তাদের দায়িত্বপ্রাপ্তদের দ্বারা প্রতিদিন যে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, সেটি ইসরায়েলের কৌশল- যাতে ফিলিস্তিনিদের দক্ষিণে, ইসরায়েলের নিয়ন্ত্রিত রাফাহ অংশে ঠেলে পাঠানো যায়।
এই কারণে হামাস এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নয়, যাতে GHF (Gaza Humanitarian Foundation) গাজায় কার্যকর থাকে কিংবা যুদ্ধবিরতির সময় রাফাহে ইসরায়েলের এই ক্যাম্প নির্মাণের সুযোগ পায়।
একটি সূত্র জানায়, “এই ব্যবস্থার কোনো বৈধতা নেই। যদি হামাস এতে রাজি হয়, তাহলে সেটি এই হত্যাকাণ্ডগুলোর অনুমোদন হয়ে যায়।” তিনি আরো জানান, হামাস গাজায় খাদ্য বিতরণ নিজেরা করতে চায় না কিন্তু তারা বোঝে- বর্তমান ব্যবস্থাটি আসলে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের কৌশল। তিনি আরো বলেন, “হামাস ও গাজার মানুষ ইতিমধ্যেই বড় মূল্য দিয়েছে। নেতানিয়াহু চাইছে আত্মসমর্পণ ও জাতিগত নিধন। কিন্তু সে কিছুই পাবে না।”
নেতানিয়াহুর ‘বিঘ্নকারী ভূমিকা’-
চতুর্থ ইস্যুটি হলো- হামাস চায়, ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু হোক এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি পথ খোলা থাকুক। কিন্তু নেতানিয়াহু তাতে শর্ত আরোপ করেন, যা আলোচনা শুরুর আগেই সেটিকে ব্যর্থ করে দিতে পারে।
গত সপ্তাহে তিনি বলেন, হামাসকে তার সমস্ত অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ছেড়ে দিতে হবে- এটাই ইসরায়েলের “মূল শর্ত”। মূলত, ইসরায়েলি দখল চলাকালীন হামাস সশস্ত্র প্রতিরোধের অধিকার ছাড়তে নারাজ। তবে তারা এর আগে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি (হুদনা) প্রস্তাব করেছে- শর্ত ছিল ইসরায়েল যেন দখলকৃত অঞ্চল থেকে সরে দাঁড়ায়।
হামাস বিশ্বাস করে, সশস্ত্র প্রতিরোধই একমাত্র উপায় যা ইসরায়েলকে চাপের মুখে ফেলে এবং অভ্যন্তরীণভাবে যুদ্ধ শেষ করার দাবি বাড়ায়- যার উদাহরণ হলো সম্প্রতি প্রকাশিত একটি হামাস ভিডিও, যেখানে দেখা যায় তারা এক ইসরায়েলি সৈন্যকে হত্যা করছে। হামাসের মতে, যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের চাপ ছাড়া এই যুদ্ধ বন্ধ হবে না। তাই এটি তাদের একমাত্র কৌশল।
সূত্র জানায়, লেবাননের যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মনোভাব বোঝাতে যথেষ্ট। “সেই চুক্তিতে ইসরায়েল যা চেয়েছিল তা পেয়েছে- লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর অস্ত্রহীনতা। এখন তারা পুরো লেবাননের জন্য একই শর্ত দিচ্ছে। যদি হামাস অস্ত্র পরিত্যাগ করে, তাহলে ইসরায়েল গাজায় জাতিগত নির্মূলের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।” তিনি আরো জানান, হামাস দোহা আলোচনায় সদিচ্ছা নিয়ে এসেছে এবং ১০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত ছিল। “কিন্তু নেতানিয়াহু আবারো সবকিছু ব্যর্থ করতে চায়”- তিনি বলেন।

