ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ। ১৬ জুন পশ্চিম তেহরানের একটি নিরাপত্তা ভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক চলাকালে হামলাটি হয়। এতে পায়ে আঘাত পান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
রোববার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচার বিভাগের প্রধান মোহসেনি ইজিই এবং আরো কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তারা ভবনের বেজমেন্টে অবস্থান করছিলেন।
ফার্স নিউজের তথ্যমতে, ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার কৌশল অনুসরণ করে এই হামলা চালায়। ভবনটিতে ঢোকার ও বের হওয়ার ছয়টি রুটে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যাতে করে বায়ুপ্রবাহ বন্ধ হয়ে গিয়ে ভেতরে থাকা সবাই দমবন্ধ হয়ে মারা যান। তবে কর্মকর্তারা পূর্বপ্রস্তুতির কারণে একটি বিকল্প বহির্গমন পথ ব্যবহার করে নিরাপদে সরে যেতে সক্ষম হন।
হামলার পরিকল্পনায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, হামলাটি অত্যন্ত সূক্ষ্ম ও নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিচালিত হওয়ায় এমন সন্দেহ তৈরি হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ১২ দিনের যুদ্ধে ইতোমধ্যে ইসরায়েল একাধিক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে, যার মধ্যে রয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ডের প্রধান, পরমাণু বিজ্ঞানীসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিরা।

