ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় একদিনেই আরও অন্তত ৯৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৫৮ হাজার ২৬ জনে পৌঁছেছে, যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু, বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই হৃদয়বিদারক চিত্র। প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা শহরের ব্যস্ত একটি বাজার, এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে চালানো বোমা হামলায় বহু মানুষ নিহত হন।
গাজা শহরের ওই বাজারে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হন, যাদের একজন গাজার একজন খ্যাতনামা চিকিৎসক ডা. আহমেদ কান্দিল।
অন্যদিকে, নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১০ জন শিশু নিহত হয়, যাদের অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিল বিশুদ্ধ পানি নিতে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা যখন পানি নিতে দাঁড়িয়েছিল, ঠিক তখনই ওই এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এক ফিলিস্তিনি যোদ্ধাকে লক্ষ্য করেছিল, কিন্তু ‘কারিগরি ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্রটি সরে গিয়ে পানিকেন্দ্রে পড়ে। তবে এই দাবি স্বাধীন কোনো উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি।
গাজায় এখন মারাত্মক পানির সংকট চলছে। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ পানিশোধন ও নিষ্কাশন কেন্দ্র অচল হয়ে গেছে। মানুষ বাধ্য হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কিছু নির্দিষ্ট পানিকেন্দ্রে গিয়ে পানি আনতে। আর সেই পথেই এখন মৃত্যুও অপেক্ষা করছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলছে, শুধু জুন মাসেই গাজায় ৫ হাজার ৮০০ শিশুর দেহে অপুষ্টির লক্ষণ পাওয়া গেছে, যাদের মধ্যে ১ হাজার শিশুর অবস্থা আশঙ্কাজনক।
রোববার অপুষ্টিতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা এ সংকটের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে।
ইউনিসেফের ভাষায়,
“শিশুদের দেহ যেন গলে যাচ্ছে। এটা কেবল পুষ্টির ঘাটতি নয়, এটা শিশুদের টিকে থাকার লড়াই।”
গাজার পরিস্থিতি এখন মানবতার এক গভীর সঙ্কট। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট—সব মিলিয়ে গাজা যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে।
তবুও বিশ্ব এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ। আর প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে কেবল একটি গ্লাস পানির আশায় লাইনে দাঁড়ানোর ‘অপরাধে’।

