সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদায় ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। বেদুইন সুন্নি গোত্রের সদস্যদের সঙ্গে ড্রুজ ধর্মাবলম্বী যোদ্ধাদের এই সংঘর্ষে আহত হয়েছেন আরও বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা বলছে, নিহতের সংখ্যা আরও বেশি— অন্তত ৩৭ জন।
গত ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘ ৫৪ বছরের শাসন শেষ হওয়ার পর থেকেই সিরিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার এখন দেশজুড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তবে নিরাপত্তা পরিস্থিতি রয়ে গেছে নাজুক।
গত বছরের শেষ দিকে হায়াত তাহরির আল-শাম নামক সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী দামাস্কাসে অভিযান চালিয়ে আসাদ সরকারকে উৎখাত করে। এরপর থেকেই বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ড্রুজ সম্প্রদায়, যারা শিয়া ইসলামের একটি শাখার অনুসারী, তারা আসাদ সরকারের আমলে অনেকটাই নিরব সমর্থন দিয়ে আসছিল। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে রাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা পাওয়ার আশাতেই তারা এই কৌশল অবলম্বন করেছিল।
সুয়েইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে শান্ত থাকার এবং “জাতীয় সংস্কারের আহ্বানে” সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ধর্মীয় নেতারাও জনগণকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এই বছর এপ্রিল ও মে মাসেও নতুন নিরাপত্তা বাহিনী এবং ড্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অনেক প্রাণহানি হয়েছিল। ড্রুজ সম্প্রদায়ের অনেকেই সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা শুধু শারীরিক হামলার আশঙ্কাই করছেন না, বরং মনে করছেন যে নতুন সরকার তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ।
অন্যদিকে, শুধু ড্রুজ নয়— সম্প্রতি আলাওয়ি সম্প্রদায়ের বহু মানুষ নিহত হয়েছে, যেটিও শিয়া ইসলামেরই একটি শাখা। এমনকি রাজধানী দামাস্কাসের গির্জায় উপাসনাকালীন সময়েও হামলার ঘটনা ঘটেছে।
এই সংকটময় সময়ে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চালাচ্ছে। এ মাসেই যুক্তরাষ্ট্র হায়াত তাহরির আল-শামকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেয়। একইসঙ্গে, যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সিরিয়া সফর করেন— সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী দেশটি সফর করলেন।
বর্তমান পরিস্থিতি আবারও দেখিয়ে দিচ্ছে, শাসকের পরিবর্তন হলেও স্থিতিশীলতা অর্জন এখনো বহু দূরের পথ। সিরিয়ার জনগণের জন্য এই উত্তপ্ত সময় যেন আরেকটি দীর্ঘ যুদ্ধের পূর্বাভাস না হয়ে ওঠে, সেই আশায় দেশবাসী ও বিশ্ববাসী।

