গত জুনে ইরানে ইসরায়েল চালানো বিস্ময়কর হামলার সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছিলেন—এই তথ্য এখন সামনে আসছে। যদিও প্রথমদিকে তেহরান বিষয়টি গোপন রাখে, পরে বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি রিপোর্টে বিষয়টি প্রকাশ করে।
খবরে বলা হয়, গত ১৬ জুন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি এক বৈঠক চলছিল একটি ভূগর্ভস্থ গোপন স্থাপনায়। হঠাৎ করেই সেই স্থাপনাটির প্রবেশ ও বের হওয়ার পথে ইসরায়েল বোমা হামলা চালায়। বের হওয়ার সময়ই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে আঘাত লাগে, তবে তা গুরুতর ছিল না।
তবে আতঙ্ক ছিল চরমে—বোমা হামলায় ছয়টি প্রবেশপথ ধসে পড়ে, ভেন্টিলেশন ব্যবস্থা বিকল হয়ে যায় এবং পুরো বাঙ্কারটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে। পরিস্থিতি ভয়াবহ হলেও প্রেসিডেন্টসহ শীর্ষ নেতারা নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসেন।
সবচেয়ে বড় প্রশ্ন এখন—ইসরায়েল কীভাবে এত গোপন তথ্য পেলো?
ইসরায়েলের হামলায় শুধু প্রেসিডেন্ট নয়, দেশটির অনেক সেনা ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত হয়েছেন। এমনকি শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনিও ছিল ইসরায়েলের প্রধান টার্গেট। তবে হামলার আগেই তাকে একটি বিচ্ছিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়, ফলে তাকে পাওয়া সম্ভব হয়নি।
ইরান এখন গোপন তথ্য ফাঁস ও এজেন্ট অনুপ্রবেশের সূত্র খুঁজতে তৎপর। ফার্স নিউজ জানিয়েছে, হামলার চতুর্থ দিনে মূল লক্ষ্যই ছিল ওই ভূগর্ভস্থ স্থাপনা, যেখানে সে সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নেতারা।
সম্প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রকাশ্যে অভিযোগ করেছেন, “ইসরায়েল সরাসরি আমাকে হত্যার চেষ্টা করেছে।” তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তা অস্বীকার করে বলেন,
“আমাদের লক্ষ্য সরকার পরিবর্তন নয়, বরং সামরিক ও পরমাণু হুমকি নিরসন।”
এই হামলার সময় ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের এক সংক্ষিপ্ত যুদ্ধ চলছিল।
-
১৩ জুন: ইসরায়েল দাবি করে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টায় রয়েছে।
-
১৬ জুন: গোপন স্থাপনায় হামলা, প্রেসিডেন্ট সামান্য আহত
-
২২ জুন: পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্র বিমান ও নৌবাহিনীর মাধ্যমে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,
“এই হামলায় ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস হয়েছে।”
তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এই নিয়ে মতভেদ রয়েছে।
ইরান এখনও দাবি করে, তারা শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অস্ত্র তৈরির জন্য নয়।
ইরানের প্রেসিডেন্ট নিজেই ইসরায়েলি হামলায় আহত হওয়ার বিষয়টি সামনে আসার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ছায়া নেমে এসেছে। প্রশ্ন এখন শুধু হামলার উদ্দেশ্য নয়, বরং তেহরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ব্যাপ্তি নিয়ে। এই ঘটনার পর থেকেই ইরানের অভ্যন্তরে নিরাপত্তা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে ধারণা মিলেছে।

