ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বরে প্রথম ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০টি জাহাজে হামলা করেছে। সর্বশেষ লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে দেয় হুতিরা, যার একটিতে ক্রু নিহত এবং অপরটিতে নিখোঁজ রয়েছেন কয়েকজন। এই ঘটনায় হুতিদের কার্যক্রম অবিরাম ও আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
৭ জুলাই হুতিরা প্রথমে ম্যাজিক সি নামের একটি ছোট জাহাজে হামলা চালায়। ২২ জন ক্রু প্রাণে রক্ষা পেলেও জাহাজটি ডুবে যায়। পরে তারা ইটার্নিটি সি নামের আরও একটি বড় জাহাজে আক্রমণ করে, যেখানে ২৫ জন আরোহীর মধ্যে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজ হন। ১০ জনকে অন্য জাহাজে করে উদ্ধার করা গেলেও অন্তত কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় হুতিরা।
এই দুটি হামলা ইয়েমেন উপকূল থেকে প্রায় ৫১ নটিক্যাল মাইল দূরে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়। দূরপাল্লার এই হামলাগুলো ছিল পরিকল্পিত ও কৌশলগত, যেখানে দ্রুতগামী ছোট জাহাজ ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুতিরা নিজেদের পতাকা উড়িয়ে হামলায় নামে এবং একাধিক ধাপে দুই দিন সময় নিয়ে হামলা পরিচালনা করে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এই হামলাগুলো চলাকালে কোনো নৌসামরিক প্রতিরোধ দেখা যায়নি। ২০২৩ সালে গঠিত ‘প্রোসপারিটি গার্ডিয়ান’ নামে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটও হামলাগুলোর সময় নিষ্ক্রিয় ছিল। যদিও ২০২৪ সালের মার্চে হুতিদের ঠেকাতে মার্কিন পাল্টা হামলার ঘোষণা আসে, তবুও সাম্প্রতিক ঘটনায় মার্কিন নৌবাহিনী, ফরাসি, ব্রিটিশ বা চীনা বাহিনীর পক্ষ থেকে কোনো সহায়তা আসেনি।
বিশ্লেষকরা বলছেন, এমন দূরপাল্লার পরিকল্পিত ও টানা দু’দিন ধরে হামলা চালানো সহজ কাজ নয়। এটি নির্মম পরিকল্পনার স্পষ্ট প্রতিফলন। শুধু ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নয়, বিভিন্ন দেশের সাধারণ বাণিজ্যিক জাহাজও হুতিদের হামলার শিকার হয়েছে।
হুতিদের দাবি, তারা শুধু ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালায়। তবে বাস্তবে এমন অনেক জাহাজেই হামলা হয়েছে, যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক ছিল না। তারা স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েলি বন্দরগামী জাহাজ এবং যেসব জাহাজ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করে- তাদের ওপর ভবিষ্যতেও হামলা অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের আশঙ্কা, যদি আন্তর্জাতিক সম্প্রদায় হুতিদের এই কর্মকাণ্ড রুখতে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে লোহিত সাগর হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অচল ও ঝুঁকিপূর্ণ এলাকা।

