লাহোর থেকে করাচি ফেরার উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন এক পাকিস্তানি ইঞ্জিনিয়ার কিন্তু অব্যবস্থাপনার কারণে তাকে পাঠিয়ে দেওয়া হয় সৌদি আরবে। স্থানীয় বিমান সংস্থা এয়ারসিয়ালের এই চাঞ্চল্যকর ভুলে যাত্রীর স্বল্প দূরত্বের সফর পরিণত হয় ১৫ ঘণ্টার দীর্ঘ দুর্ভোগে।
পাকিস্তানের করাচির বাসিন্দা মালিক শাহজাইন, যিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জানান- গত ৭ জুলাই রাতে ছোট ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি ফেরার জন্য লাহোর বিমানবন্দর থেকে এয়ারসিয়ালের করাচিগামী ফ্লাইটে টিকিট কাটেন।
‘দ্য হিন্দু’ পত্রিকার সোমবার (১৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শাহজাইন বোর্ডিং পাস দেখিয়ে যথাসময়ে লাউঞ্জে প্রবেশ করেন এবং কর্মীদের সহায়তায় তাকে নির্ধারিত গেট পর্যন্ত নেওয়া হয়। কিন্তু যাচাই না করেই কর্মীরা তাকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে তুলে দেন, যার গন্তব্য ছিল জেদ্দা, সৌদি আরব।
দুই ঘণ্টা পর বিমান করাচি না পৌঁছানোয় শাহজাইন বিষয়টি জানতে চাইলে কেবিন ক্রুরা জানান- বিমানটি করাচির নয়, বরং জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছে। ফলে শাহজাইন সৌদি আরবে পৌঁছান, অথচ তার লাগেজ ঠিকই করাচি পৌঁছায়।
জেদ্দা বিমানবন্দরে তাকে কয়েক ঘণ্টা ধরে ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। শেষমেশ সৌদি কর্মকর্তারা বুঝতে পারেন, এটি বিমানের দায়িত্বে থাকা কর্মীদের ভুল। এরপর পাকিস্তানে ফেরার অনুমতি দেওয়া হয়।
কিন্তু দুর্ভোগ এখানেই শেষ হয়নি। এয়ারসিয়াল শাহজাইনকে করাচির বদলে আবার লাহোরেই ফেরত পাঠায় এবং জানায়, করাচিগামী টিকিট তাকে নিজেই কিনতে হবে।
ভুক্তভোগী শাহজাইন বলেন, “ছেলের অসুস্থতার খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে আমাকে ১৫ ঘণ্টার ভোগান্তি পোহাতে হয়েছে। সৌদি আরবে পৌঁছে ইমিগ্রেশনে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, এরপর আবার লাহোর ফেরত।”
তিনি অভিযোগ করে বলেন, “এখনও বিমান সংস্থার পক্ষ থেকে কোনো ক্ষমা প্রার্থনা বা ক্ষতিপূরণ পাইনি। এমনকি একটি আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয়নি।”
পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (CAA) ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। একজন কর্মকর্তা বলেন, “ভুলে যাত্রী অন্য ফ্লাইটে উঠে যেতে পারে, তবে একজন অভ্যন্তরীণ যাত্রীকে আন্তর্জাতিক ফ্লাইটে তুলে দেওয়ার ঘটনা নজিরবিহীন।”
উল্লেখ্য, এয়ারসিয়াল হচ্ছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা, যার সদর দফতর সিয়ালকোটে।

