ইরানে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ২০ দিন বন্ধ থাকার পর ৪ জুলাই তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি পুনরায় খুলে দেওয়া হলেও মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথে এখনও অস্থিরতা বিরাজ করছে। জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্র-মধ্যস্থ যুদ্ধবিরতিতে ইরান-ইসরায়েল ১২ দিনের বিমান যুদ্ধ থামালেও- এর প্রভাব বহাল রয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থায়।
ফ্লাইট নিরাপত্তা, আকাশসীমা নিয়ন্ত্রণ এবং যুদ্ধাবস্থার কারণে বিশ্বের একাধিক শীর্ষস্থানীয় বিমান সংস্থা মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। নিচে উল্লেখযোগ্য কিছু বিমান সংস্থার হালনাগাদ তথ্য তুলে ধরা হলো:
- এজিয়ান এয়ারলাইন্স: বৈরুত, তেল আবিব, এরবিল ও আম্মান রুটে ফ্লাইট চালু হচ্ছে পর্যায়ক্রমে ১০ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে।
- এয়ার বাল্টিক (লাটভিয়া): ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তেল আবিব রুট বন্ধ।
- এয়ার কানাডা: ৩ আগস্ট পর্যন্ত টরন্টো–দুবাই রুট স্থগিত, ইসরায়েল রুট ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ।
- এয়ার ইউরোপা (স্পেন): তেল আবিব রুটে ১৪–৩১ জুলাইয়ের মধ্যে সীমিত ফ্লাইট; ১ আগস্ট থেকে নিয়মিত পরিষেবা পুনরায় চালুর পরিকল্পনা।
- কেএলএম (ডাচ): তেল আবিব রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
- ডেল্টা এয়ার লাইন্স (যুক্তরাষ্ট্র): ১২ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তেল আবিব রুটে প্রভাব পড়বে বলে জানিয়েছে।
- আমিরাত (UAE): ১৭ জুলাই পর্যন্ত তেহরানের ফ্লাইট বাতিল।
- ফিনএয়ার (ফিনল্যান্ড): ১০ জুলাই–২ সেপ্টেম্বরের মধ্যে দোহার ফ্লাইট সময় আগিয়ে নেওয়া হয়েছে; ইরাক, ইরান, সিরিয়া ও ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলছে।
- ব্রিটিশ এয়ারওয়েজ (BA): তেল আবিব রুট ৩১ জুলাই পর্যন্ত স্থগিত; আইবেরিয়া এক্সপ্রেস ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ।
- আইটিএ এয়ারওয়েজ (ইতালি): ৩১ আগস্ট পর্যন্ত তেল আবিব রুট বন্ধ; ১ সেপ্টেম্বরের ফ্লাইটও বাতিল।
- লুফথানসা (জার্মানি): তেল আবিবে ৩১ জুলাই এবং তেহরানে ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত।
- পেগাসাস (তুরস্ক): জুলাইয়ের শেষ পর্যন্ত ইরান রুট বাতিল।
- কাতার এয়ারওয়েজ: ইরান রুট সাময়িকভাবে স্থগিত।
- রায়ানএয়ার: তেল আবিব ও আম্মান রুট ২৫ অক্টোবর পর্যন্ত বাতিল।
- ইউনাইটেড এয়ারলাইন্স (যুক্তরাষ্ট্র): ২১ জুলাই তেল আবিব রুট পুনরায় চালু; ২২ জুলাই থেকে দ্বিতীয় ফ্লাইট চালু হবে।
- উইজ এয়ার (হাঙ্গেরি): ৮ আগস্ট থেকে তেল আবিব রুট চালু হবে; আম্মান রুট ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত।
আকাশসীমা এখনো অনেক দেশের জন্য পুরোপুরি উন্মুক্ত না হওয়ায়, বিমান সংস্থাগুলোর মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। আঞ্চলিক নিরাপত্তাজনিত উদ্বেগ এবং হঠাৎ হামলার ঝুঁকি অনেক সংস্থাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে বিরত রেখেছে।

